আজ শাল্লায় আসছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম থাকছেন সুরঞ্জিতও

পি সি দাশ পীযূষ, শাল্লা
আজ শনিবার শাল্লায় আসছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বেলা ১১ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে শাল্লা সদর খেলার মাঠে অবতরণ করবেন বলে জানা যায়। প্রধান অতিথি হিসাবে মন্ত্রী শাল্লা সদর   
হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসময়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। শাল্লায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন শেষে বেলা ১২ টায় শাহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় যোগদান করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুর দেড়টায়  বিএডিসি মাঠে এক জনসভায় ভাষণ দিবেন বলে আওয়ামী লীগের একাধিক  নেতৃবৃন্দ  জানিয়েছেন। শাল্লায় স্বাস্থ্যমন্ত্রীর আগমনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান খান। মন্ত্রীর আগমন উপলক্ষে শাল্লার  আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।