ছাতক প্রতিনিধি
ছাতকে খাদ্য বান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজির চাল নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে। চাল আত্মসাতের অভিযোগে ইতিম্যধ্যই দুই ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। কার্ড প্রনয়ণ, চাল উত্তোলন-বিতরণসহ সবক্ষেত্রেই চলছে অনিয়ম-দুর্নীতি। এখানে ধণাঢ্য ব্যক্তি, ডিলার ও জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনদের নামেও রয়েছে ১০ টাকা কেজির চালের কার্ড। প্রত্যেক ইউনিয়নে ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হলেও তারা যথাযথ দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ খুরমা ইউয়িনে সরকারের খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা মুল্যের চাল বিক্রিতে অনিয়ম করায় ইউনিয়নের দুই জন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। পাশাপাশি অনিয়মের তদন্তকারী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনকেও দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি। ডিলার কর্তৃক ১০টাকা কেজির চাল আত্মসাতের প্রতিবাদে টানা দু’দিন এলাকাবাসী ডিলারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে বিষয়টি প্রশাসনের নজরে আনেন । এদিকে সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের ডিলার ফয়ছল মিয়া হয়েছেন ভাতগাঁও ইউনিয়নের ডিলার। তার বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভাতগাঁও ইউনিয়নের চাল উত্তোলন করে তিনি পার্শ্ববর্তী সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর বাজারে রেখে বিক্রি করছেন। এ নিয়ে উভয় ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া।
ডিলার ফয়ছল মিয়া জানান, খাদ্য নিয়ন্ত্রক অফিসের অনুমতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেই তিনি এ চাল বিক্রি করছেন।
ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার জানান, কাকে, কোথায়, কখন ডিলারশীপ দেয়া হয়েছে তার জানা নেই। চাল উত্তোলন ও বিক্রিতে তার কোন পরামর্শও নেয়া হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন জানান, বিষয়টি অবগত হয়ে ডিলারদের স্ব-স্ব ইউনিয়নের রেখে চাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তিনি এ বিষয় অবগত নন। অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


