আটক কৃষককে ফেরৎ দিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএএসফের হাতে ৪ দিন আটক থাকার পর বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশী কৃষককে বিজিবির নিকট বৃহস্পতিবার হস্তান্তর করেছে বিএসএফ। ভারত থেকে ফেরত আসা কৃষকের নাম আবুল হোসেন (৫০)। তিনি মধ্যনগর থানার বংশীকুন্ডা উওর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া  গ্রামের  মৃত  সাজে আলী তালুকদারের   ছেলে।  উল্ল্যেখ যে, জেলার ধর্মপাশার  মধ্যনগর সীমান্তের ওপারে সোমবার গরু আনতে গিয়ে ০৯টি গরু সহ এক বাংলাদেশী নাগরিককে গত ৪দিন ধরে ভারতীয় গিলাগড়া বিএসএফ ক্যাম্পের টহল দল আটকে রেখেছিলো।
বৃহস্পতিবার সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ধর্মপাশার মধ্যনগরের সীমান্তবর্তী বাঙ্গালভিটা বিওপির মেইন পিলার ১১৯১ এর ৮-এস সাব পিলার এলাকায় পতাকা বৈঠকের পর বিকেল ৪টার ওই কৃষককে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফ কৃষককে ফেরত দিলেও আটককৃত ০৯টি গরু ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
পতাকা বৈঠকে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি ও ভারতের শিলং ৬৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট একে সিং সহ উভয় দেশের বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।