স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন,‘ এই নির্বাচনে যেহেতু সকল দলের অংশগ্রহণ নেই তাই সমৃদ্ধ নির্বাচন বলা যাবে না। তবুও এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচন আমাদের কাছে আত্মসম্মান ও আত্মমর্যাদার। নির্বাচনী পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই। আগামী নির্বাচনের জন্য এই নির্বাচন থেকে আস্থা অর্জনে প্রস্তুতি গ্রহণ করা যায়, অভিজ্ঞতা অর্জন করা যায়। সেই লক্ষ্যেই আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। তবে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাইলে সকলের সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন,‘ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়েছে। আর সে দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বিদেশীরা এসে প্রশ্ন করবে। আমরা আর এটা চাই না। আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সুষ্ঠু নির্বাচন করা এখন আমাদের আত্মসম্মান ও আত্মমর্যাদার প্রতীক।’
রোববার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে আইন শৃংখলা বাহিনী, দুই প্রার্থী ও জেলা উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভার শুরুতে তিনি হাওর নদী ঘেরা মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বিজড়িত সুনামগঞ্জের প্রশংসা করে বলেন,‘ মুক্তিযুদ্ধের মাসেই সুনামগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের অবদানের কথা অত্যন্ত স্মরণীয়। ১৯৭১ সালে পাক বাহিনী সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে আক্রমণ চালায়। সুনামগঞ্জ সার্কিট হাউজে ও আহসানমারা সেতুতে প্রতিরোধ করা কালে পাক বাহিনীর আক্রমণে তিনজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। সুরমা নদীর উত্তর পাড়ের কৃষ্ণনগর ও মঙ্গলকাটায় এলাকায় মুক্তিযুদ্ধে ৪৮ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। তাদেরকে ডলুরা এলাকায়
সমাহিত করা হয়েছে। সকল শহীদ মুক্তিযোদ্ধারের শ্রদ্ধার সাথে স্মরণ করি।’
সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে উপ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন বিকাল ৪ টায় জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা , আইন শৃঙ্খলা বাহিনী ও দুই সংসদ সদস্য প্রার্থীর সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার ব্রিগে. জেনা.(অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী। ব্রিগে. জেনা. (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী বলেন,‘সুনামগঞ্জে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হয় সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবে এবং নির্বাচন পরবর্তী সময়েও যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে সে জন্যও নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখবে। ’
সভায় আরো আরো বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সিলেট) এ কে এজহারুল হক, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, বিজিবির ২৮ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন আহমদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, স্বতন্ত্র প্রাথী সায়েদ আলী মাহবুব হোসেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল, শাল্লা থানার ওসি বজলার রহমান, দিরাই থানার ওসি আব্দুল জলিল প্রমুখ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লংঘন করছেন বলে সভায় অবহিত করেন।
সভায় পুলিশ সুপার হারুন অর রশীদ জানান , অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ৫৯ টি ভোট কেন্দ্রে ১ জন এসআইসহ ১০ জন ও কম গুরুত্বপূর্ণ ৫১ টি ভোট কেন্দ্রে একজন এসআইসহ ৭ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতি ৩টি ভোট কেন্দ্রে ১ টি মোবাইল টিম থাকবে। প্রতিটি ইউনিয়নে ১টি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যতটুকু করার দরকার ততটুকুই করা হবে।
উল্লেখ্য, আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৪ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।


