আনোয়ারপুর-দক্ষিণকূল গ্রামের দীর্ঘদিনের মতবিরোধ এলাকাবাসীর মধ্যস্থতায় নিরসন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আনোয়ারপুর-দক্ষিনকূল গ্রামের দীর্ঘদিনের মতবিরোধ এলাকাবাসীর মধ্যস্থতায় নিরসন হয়েছে। তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়াপুর ও দক্ষিণকূল গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে মারামারির জের ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। উভয় পক্ষের মারামারির ফলে কারো হাত কেটে কারো পা কেটে অঙ্গহানির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় দিনের পর দিন আনোয়ারপুর বাজারে যেন কোন সংঘর্ষ না হয় সে লক্ষে সার্বক্ষণিক তাহিরপুর থানা পুলিশ প্রহরায় থাকতে বাধ্য হতো।
আনোয়ারপুর বাজারে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এলাকাবাসীর উদ্যোগে বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল জহুরের সভাপতিত্বে রবিবার বেলা ১১টায় আনোয়ারপুর বাজারে এক সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে আনোয়ারপুর গ্রামের বুলবুল মিয়া, ইসমাইল হোসেন ও দক্ষিণকূল গ্রামের বাবুল মিয়া ও তুষা মিয়া পক্ষদ্বয়ের লোকজন উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষের লোকজনকে মিলিয়ে দেয়া হয় এবং তারা সভায় অঙ্গীকার করে বলেন, তাদের লোকজন সবার সাথে পূর্বের ন্যায় চলাচল করবেন। কারো সাথে আর কখনো ঝগড়া বিবাদে জড়াবেন না। উভয় পক্ষের দায়ের করা মামলাগুলোও তারা আলোচনাক্রমে সমাধান করবেন।
সালিশ বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌস আলম, মাফিক মিয়া, সাইফুল ইসলাম, বজলুর রহমান, নূর মিয়া, মেহেদী হাসান উজ্জল, বাবরুল হাসান বাবলু, জিয়া উদ্দিন প্রমুখ।
তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আনোয়ারপুর-দক্ষিণকূল গ্রামের দীর্ঘদিনের মতবিরোধের বিষয়টি এলাকাবাসীর উপস্থিতিতে নিস্পত্তি করতে পারায় এলাকাটি শান্তিতে থাকবে।
তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন বলেন, আনোয়ারপুর-দক্ষিণকূল গ্রামের দীর্ঘদিনের দ্বন্দ্বটি নিস্পত্তি হওয়ায় এলাকাটি শান্তিপূর্ণ হয়েছে।
বালিজুড়ি ইউনিয়নের দায়িত্বরত তাহিরপুর থানার বিট অফিসার এসআই গোলাম হক্কানী বলেন, বৈঠকে আমার উপস্থিত থাকার কথা ছিল। অফিসিয়াল ঝামেলা থাকার কারণে আমি উপস্থিত থাকতে পারেননি। স্থানীয়ভাবে বসে তারা নিস্পত্তি করেছেন। বিষয়টি বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর আমাকে অবহিত করেছেন। তিনি আরো জানান, আমি বিষয়টি সুনামগঞ্জ পুলিশ সুপার স্যারকে অবহিত করবো।