ছাতক প্রতিনিধি
দেশের প্রাচীনতম সিমেন্ট উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানা আবারো বন্ধ হয়ে পড়েছে। কারখানার মূল এফএলএস ক্রাসারটি নষ্ট হওয়ায় কাঁচামাল ভাঙ্গা চুনা পাথরের সমস্যাজনিত কারণে গত ২৪ মে রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সমস্যা জর্জরিত কারখানাটি পড়েছে চরম অস্থিত্ব সংকটে।
সম্প্রতি ২০ কোটি টাকার সংস্কার কাজ সম্পন্ন দেখানো হলেও কারখানাটি সামর্থ অনুযায়ি উৎপাদনে যেতে পারছিল না। কারখানার দু’টি কিলনের মধ্যে এইচইসি কিলনটি রানিংয়ে থাকলেও এফএলএস কিলনটি এখনো চালু করতে পারছেননা কর্তৃপক্ষ।
এর জন্য অনিয়ম-দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ি করছেন কারখানার সাধারণ শ্রমিকরা। প্রায় চারমাস আগে কারখানার উভয় কিলন চালু ও উৎপাদন উপযোগি করে কারখানা কর্তৃপক্ষের কাছে চালু অবস্থায়হস্তান্তর করার কথা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ক্যাথওয়েল্ড কনষ্ট্রাকশন তা করতে পারেনি। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের মালামাল সরবরাহে বিলম্ব হওয়াকে দায়ি করছেন ক্যাথওয়েল্ড কনষ্ট্রাশন।
প্রতিষ্ঠার ৮০ বছরের মধ্যে সবচেয়ে সংকটময় পরিস্থিতি বর্তমানে অতিক্রম করছে দেশের প্রাচীনতম সিমেন্ট উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন কারখানাটি লক্ষ-লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক জানান, ক্রাসার অচল হওয়ায় শ্রীজা মেটালের সরবরাহকৃত সাড়ে ৩ কোটি টাকার যন্ত্রাংশ ক্রাসারে আপাতত ব্যবহার করতে হচ্ছে না।
এফএলএস কিলন হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রশ্নে ক্যাথওয়েল্ড কনষ্ট্রাকশনের পিএম গোলাম কিবরিয়া আজাদ জানান, প্রয়োজনীয় মালামাল সরবরাহে বিলম্বজনিত কারণে হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তবে মালামাল প্রাপ্তি সাপেক্ষে দ্রুত চালু ও হস্তান্তর করা সম্ভব হবে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত চৌধুরী কারখানার অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। প্রয়োজনে বিসিআইসির চেয়ারম্যানের অনুমতি নিয়ে পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে জানান।


