স্টাফ রিপোর্টার
ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের বিরুদ্ধে আবারও প্রতিপক্ষকে মারধর, খুনের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ছাতক জোন-এ মামলাটি দায়ের করেছেন একই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য
ছত্রিশ কালিপুর গ্রামের আজিজুর রহমান।
মামলায় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলসহ ২৮জনকে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানার ওসিকে এফআইআর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচারসহ একাধিক মামলা চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেলের অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করায় গত বছরের ২৫ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে পরিষদের ২, ৫ ও ৮ নং ওয়ার্ডের তিনজন ইউপি সদস্যকে মারপিট করে বের করে দেয়া হয়। এরপর গত বছরের ২ জুলাই ওই বিষয়টি নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিমাংসার উদ্যোগ নিলে সেখানেই আবারও ওই তিনজন ইউপি সদস্যকে মারপিট করেন ইউপি চেয়ারম্যান সাহেল। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্যরা অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের কোন প্রতিকার না হওয়ায় ইউপি সদস্যরা পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করেন।
গত ২২ আগস্ট মঙ্গলবার বিকালে ইউপি চেয়ারম্যান সাহেলের অবৈধ কার্যকলাপের প্রতিবাদে এলাকার ইসলামগঞ্জ বাজারের রাস্তায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে ইউপি চেয়ারম্যান সাহেলের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এসময় বন্দুক নিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়। পরে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে মামলার বাদী ইউপি সদস্য আজিজুর রহমানের বাড়িতে হামলা চালানো হয় ও তাকে মারপিট করা হয়। হামলা চালিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে তিন লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ ৮০ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয়। হামলাকারীদের আঘাতে ইউপি সদস্য আজিজুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়। হামলায় আহতদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলের সাথে কথা বলতে চাইলে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. প্রদীপ কুমার নাগ দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর করে প্রতিবেদন দাখিলের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
- অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তহসিলদারের বিরুদ্ধে
- দিরাইয়ে জায়গা দখল করে বাড়ি ও দোকান কোঠা নির্মাণের অভিযোগ


