আবারো বিভক্তির সুর সুনামগঞ্জ আ.লীগে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের আওয়ামী লীগে আবারো বিভক্তির সূর বাজছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী একেক বলয় একেক ব্যানারে আলাদা আলাদাভাবে পালন করছে। জেলা আওয়ামী লীগের কমিটিতে কার বা কোন বলয়ের আধিপত্য থাকবে, এই ইস্যুতেই এমন দ্বন্দ্ব শুরু হয়েছে বলে দলীয় একাধিক নেতা জানিয়েছেন।
জাতিরজনক বঙ্গবন্ধুর শাহাদাত দিবসের কর্মসূচীকে ঘিরে পৌর আওয়ামী লীগের ব্যানারে দুই অংশের একাংশ (বিকাশ-সাজিদুর) সমাবেশ করবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধান অতিথি এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিশেষ অতিথি থাকবেন বলে প্রচার দেওয়া হচ্ছে। পৌর আওয়ামী লীগের অপরাংশ (কুসুম-মলয়) জেলা আওয়ামী লীগের (প্রেসক্লাবের    সামনের মাঠে) শোক দিবসের কর্মসূচীতে জমায়েতসহ অংশ নেবে।
অপরদিকে, জেলা যুব লীগের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সমাবেশ হবে। এই সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি প্রধান অতিথি, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রমিজ বিপণির কার্যালয় চত্বরে আলাদা কর্মসূচি রয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘জেলা আওয়ামী লীগের কর্মসূচি একটাই। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এখানে সভাপতিত্ব করবেন। অঙ্গ সহযোগি সংগঠন আলাদাভাবে আয়োজন করলেও সকলেই জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে আসবেন’।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন,‘জেলা আওয়ামী লীগের ব্যানারে রমিজ বিপণির কার্যালয়ে শোক দিবসের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, আমি ও সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখত জগলুল থাকবো, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় রমিজ বিপণিতে আওয়ামী লীগের কোন অফিস নেই উল্লেখ করায়, তাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক যেখানে থাকবে, সেটিই মূল কর্মসূচি, জেলা কমিটির সাধারণ সম্পাদককে সমাবেশের সকল আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে’।