বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নে অনিয়ম ও বাণিজ্য হয়েছে বলে নতুন করে আবারো অভিযোগ করলেন ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রনজিৎ চৌধুরী রাজন। শুক্রবার দুপুরে প্রতীক পাওয়ার পর বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব বক্তব্য প্রদান করেন তিনি।
রনজিৎ চৌধুরী রাজন বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন বাণিজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমি এমপি মহোদয়ের বক্তব্যের সাথে এক মত পোষণ করি। এই মনোনয়ন বাণিজ্যের কথা রেল ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়কে বলেছি।
অপর এক প্রশ্নের জবাবে রাজন বলেন,‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায় যদি আমার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়া হয়। তা হলে আমি বলব, যারা মনোনয়ন বাণিজ্য করেছেন, আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করি। জনগণের উৎসাহ ও সমর্থনে আমি প্রার্থী হয়েছি, জনগণ ভোটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে।


