তাহিরপুরে নৌকায় ভোট চাইলেন এমপি রতন

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে নৌকার জন্য ভোট চাইলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন। শুক্রবার বিকালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন ‘অনেকেই বলেন এমপি সাব এলাকাতে আসলে নাকি নির্বচনী আচরণবিধি লঙ্ঘন হয়। আমি যেহেতু এই এলাকার এমপি সেহেতু আমার দলীয় প্রার্থীর কথা তো বলতেই হবে। পারলে কেউ আমাকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি দিক,পরে আমি দেখব’।
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমন বক্তব্য দেয়ার সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইকবাল হোসেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন ‘সরাসরি নৌকায় ভোট দেবার কথা বলেননি সংসদ সদস্য মহোদয়, প্রসঙ্গক্রমে কথাটি চলে আসে’।
শনিবার বিকালে  এ রিপোর্টর্ লেখার সময় (বিকাল ৪ টা ৪৫ মিনিট থেকে ৪ টা ৫৮ মিনিট পর্যন্ত) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।