স্টাফ রিপোর্টার
ষাটোর্ধ্ব প্রাক্তন ছাত্র আব্দুল খালেক যুক্তরাজ্য প্রবাসী। গোবিন্দগঞ্জ কলেজের শুরুর দিকের কৃতি শিক্ষার্থী তিনি। মঞ্চে ওঠে কলেজের এক সময়ের টিনশেড ঘর ও ছোট্ট ক্যাম্পাসের স্মৃতিচারণ করছিলেন তিনি। একইভাবে স্মৃতি আওড়াচ্ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক আহমদ নাসিম হাসান। আবেগে আপ্লুত ছিলেন তাঁরা।
কলেজের অনার্সের শিক্ষার্থী নিউটন দাস, এসএম আতিক হাসান, জুবায়ের বারিস, অমূল্য পাল, ফারহানা আক্তারসহ বর্তমান শিক্ষার্থীদেরও আনন্দের কমতি ছিল না। কেউ ছবি তুলছে, কেউ কেউ শিক্ষক কিংবা প্রাক্তনদের নিয়েও ছবি তুলছে। পুরো ক্যাম্পাসকে পরিপাটি করে সাজানোও হয়েছিল। সুবর্ণজয়ন্তীর উৎসবে যেন প্রাণের ছোঁয়া লেগেছিল গোবিন্দগঞ্জ কলেজের ক্যাম্পাসজুড়ে।
বর্তমান ও প্রাক্তনদের অনেকেই বললেন, শতবছরের অনুষ্ঠানে যেন দেখা হয় একে অপরের।


