আলো ছড়াতে চায় ‘আলোর মিছিল’

এনামুল হক এনি, ধর্মপাশা
‘মেধা তোমাদের, শাণিত করার দায়িত্ব আমাদের’ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় দরিদ্র শিক্ষার্থীদের মেধা বিকাশ, মননশীল ও সৃষ্টিশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘আলোর মিছিল’। ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া একদল সচেতন তরুণ ২০১৪ সালে এ সংগঠনটি গড়ে তোলেন।
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা ও বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘আলোর মিছিল’ সামাজিক সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।   
শুরু থেকেই এ সংগঠনটি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা চালু রেখেছে। প্রথম বছর মেধাবৃত্তি পরীক্ষায় ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষক রেখে আলাদাভাবে পড়ানোর ব্যবস্থা করে এ সংগঠন। গত ১১ নভেম্বর তৃতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ওই ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদানসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারি সকলের জন্য রয়েছে শান্তনা পুরস্কারের ব্যবস্থা।
সংগঠনের সমন্বয়ক হাবিবুর রহমান বাপ্পা জানান, গ্রাম থেকে সমগ্র উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে হাওরাঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সঠিক পথ দেখিয়ে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে কাজ করছেন তাঁরা।