টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা ও পরিবেশ-প্রতিবেশ নিয়ে তিনটি শক্তিশালী পক্ষ বিরাজিত রয়েছে। একটি পক্ষ হাওরের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে হাওর অভ্যন্তরস্থ জলমহালগুলোর ইজারা বন্ধ রেখে মাছের অভয়ারণ্য এবং উদ্ভিদ, পাখি ও প্রাণীবৈচিত্র্য বাড়ানোর পক্ষে। বর্তমানে এই ধারনার আলোকেই সরকারি ব্যবস্থাপনায় হাওরটি ইজারামুক্ত অবস্থায় পরিচালিত হচ্ছে। কিন্তু গত ১৩ বছরে এই ব্যবস্থায় কোন সুফল আসেনি উল্লেখ করে অপর পক্ষটি সরাসরি না হলেও পরোক্ষভাবে সাবেকি ইজারাপ্রথার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টায় নিয়োজিত আছেন। শুক্র ও শনিবার টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত হয়ে যাওয়া হাওর উৎসব অথবা জোৎ¯œা উৎসব বিষয়েও দুই পক্ষের ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গেছে। যারা বর্তমান ব্যবস্থাপনার ব্যর্থতায় হতাশ কিন্তু হাওরটিকে মুনাফাবৃত্তির মৃগয়াক্ষেত্রে পরিণত করতে চান না সেই প্রকৃতি ও পরিবেশপ্রেমী সাধারণ মানুষ কিন্তু শক্তিশালী ওই দুই পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মতামত প্রকাশ করে চলেছেন। সংখ্যায় এই প্রকৃতি ও পরিবেশকর্মীদের সংখ্যাই বেশি। কিন্তু সমস্যা হলো এরা নীতিনির্ধারণী পর্যায়ে তেমন প্রভাবক নন। তাই এই হতাশার কথা হাওরের ঢেউয়ের আড়ালে হারিয়ে যায়।
টাঙ্গুয়ার প্রায় ৭৭ বর্গ কিলোমিটার এলাকায় অর্ধ শতাধিক বিল জলাশয় রয়েছে। হাওরে ১১টি হিজল-করচের বাগ আছে। শীত মৌসুমে হাওরে আসে বহু প্রজাতির লক্ষ লক্ষ পরিযায়ী পাখি। টাঙ্গুয়ায় শকুন, চিলসহ নানা প্রজাতির দেশীয় পাখির সাথে রয়েছে সমৃদ্ধ জলজ উদ্ভিদের ভান্ডার। এখানে ছিল কচ্ছপসহ বিভিন্ন জাতের জলজ প্রাণীর সমাহার। বিশেষজ্ঞদের মতে টাঙ্গুয়ার প্রাকৃতিক ভূগঠন ও প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেতে সময় লেগেছে হাজার হাজার বছর। হাওরের প্রতিবেশ ব্যবস্থায় গুল্ম, শ্যাওলা, গাছ, নল-খাগড়া, পাখি, মাছ এদের সকলের রয়েছে বিশেষ অপরিহার্যতা। বিশেষজ্ঞরা এই সমাহারকে ভারসাম্যপূর্ণ অবস্থা বলে বর্ণনা করে বলছেন, এর যেকোন একটি উপাদান বিনষ্ট হলে অন্যান্য উপাদানগুলোও বিনষ্ট হবে। এর লক্ষণ দেখা যাচ্ছে। টাঙ্গুয়ার জলাশয়গুলোতে মাছের আকাল দেখা পড়েছে। টাঙ্গুয়া বিষয়ে বিশেষভাবে উৎসাহী সাবেক সাংসদ নজির হোসেনের মতে বর্তমান ব্যবস্থাপনার ১৩ বছরে হাওরে মাছ ৯০ ভাগ, গাছ ৮০ ভাগ, পাখি ৭০ ভাগ কমেছে। তাঁর পরিসংখ্যানে গবেষণাগত সমর্থন না থাকলেও সুনামগঞ্জবাসী হিসাবে আমরাও বুঝতে পারছি হাওরের মাছ, গাছ ও পাখি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। উদ্বেগের জায়গাটি এখানেই। তাহলে টাঙ্গুয়া বিষয়ে আমাদের প্রধান করণীয় কী? নিশ্চয়ই মাছ, গাছ ও পাখি হ্রাসের প্রবণতা রোধ করা। এজন্য কি আমাদের সাবেকি ইজারাদারী প্রথায় ফিরে যেতে হবে? নিশ্চয়ই না। কারণ ইজারাবৃত্তিও সাম্প্রতিককালে আগের আভিজাত্য হারিয়েছে। এখন ইজারাদার জলাশয় সেঁচে ফাঁস জাল দিয়ে মাছের সর্বশেষ পোনাটি পর্যন্ত ধরে নেন। এমন অবস্থায় টাঙ্গুয়ার সম্পদকে ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের স্বার্থসিদ্ধির উপকরণ হিসাবে না দেখে কী উপায়ে ব্যবস্থাপনার ত্রুটি কাটিয়ে উঠা যায় সেটিই প্রধান কর্তব্য হওয়া উচিৎ।
আমাদের মনে হয়, হাওর পাড়ের অধিবাসীদের তেমনভাবে সচেতন করা সম্ভব হয়নি। কারণ হাওরকে রক্ষা করতে হলে হাওরবাসীদেরকেই মূল দায়িত্বটি নিতে হবে। পুলিশ, আনসার আর সরকারি প্রশাসনযন্ত্র দিয়ে সার্বক্ষণিক বিশাল হাওরের সম্পদ চুরি আটকানো সম্ভব নয়, আর কে না জানে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটি এখন পর্যন্ত সর্বাংশে দুর্নীতিমুক্ত হয়ে উঠেনি।
চলমান হাওরের জোৎ¯œা উৎসবকে ঘিরে বিতর্কের যে সূত্রপাত ঘটেছে তার আরও ব্যাপক বিস্তৃতি কামনা করি আমরা। নানামুখী আলোচনার মাধ্যমে একটি সঠিক পথ বেরিয়ে আসবে। যে পথে রক্ষা পাবে টাঙ্গুয়ার মাছ, গাছ, পাখি ও উদ্ভিজ-প্রাণীজ বৈচিত্র্যসম্ভার। আসুন সকলে খোলামেলা আলোচনা করে এই অঞ্চলের আদি ঐতিহ্যটিকে রক্ষা করি, ফিরিয়ে নেই স্বমহিমায়।

