বিশেষ প্রতিনিধি
দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ করা হতে পারে আজ। সোমবারের মধ্যেই শোকজের চিঠি মোশারফ মিয়ার কাছে পৌঁছে দেবে জেলা আওয়ামী লীগ। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির এই তথ্য জানিয়েছেন। রোববার দিরাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দিরাই পৌরসভার বর্তমান মেয়র মোশারফ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট।
আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভার ভোট। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিরাই পৌরসভার বর্তমান প্যানেল মেয়র আওয়ামী লীগের প্রার্থী বিশ^জিৎ রায় (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়া (জগ), বিএনপি নেতা আব্দুল কাইয়ুম (চামচ), জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হাফিজ লোকমান আহমদ
(খেজুর গাছ), জাতীয় পার্টির প্রার্থী অনন্ত মল্লিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া (হেলমেট) ও রশিদ মিয়া (মোবাইল)।
রাজনৈতিকভাবে অপেক্ষাকৃত সচেতন এই পৌর শহরে আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া দলীয় মনোনয়ন চাইলেও দল তাঁকে মনোনয়ন দেয় নি। দলীয় মনোনয়ন পান দিরাই কলেজের সাবেক ভিপি বর্তমান প্যানেল মেয়র বিশ^জিৎ রায়।
দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ছেন মোশরাফ মিয়া। রোববার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দেওয়া দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মোশারফ মিয়ার বিরুদ্ধে।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এই প্রসঙ্গে বললেন, মোশারফ মিয়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন। এবার পৌর নির্বাচনেও তিনি দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার অনুরোধ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগকে চিঠি দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানালেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের অভিযোগপত্র পেয়েছেন তাঁরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোশারফ মিয়াকে কেন বহিস্কার করা হবে না, এই মর্মে তাকে সোমবারের মধ্যেই শোকজ পাঠানো হবে। নির্দষ্ট সময়ের মধ্যে তাঁর জবাব পাবার পর ব্যবস্থা নেওয়া হবে।
এই প্রসঙ্গে জানতে চাইলে মোশারফ মিয়া বললেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় তার ভাইকে মনোনয়ন পাইয়ে দেবার জন্য আমার সঙ্গে অবিচার করেছেন। এজন্য আমি প্রার্থী হয়েছি। উপজেলা আওয়ামী লীগের প্রার্থী তালিকা নির্ধারনী সভায় ৪৪ জন সদস্য আমার নাম মনোনয়ন তালিকায় এক নম্বরে দেবার সিদ্ধান্ত দিলেও প্রদীপ রায় লেখার সময় কৌশলে আমাকে এক নম্বর না দিয়ে স্টার চিহৃ দিয়ে লিখেছেন। তাতে আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি, প্রদীপ রায়ের ভাই বিশ^জিৎ মনোনয়ন পেয়েছেন। বঞ্চনার প্রতিবাদ জানাতেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বিএনপি নেতা আব্দুল কদ্দুছ মিয়ার ভাই বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চামচ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। অবশ্য বিএনপির জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেছেন, আব্দুল কাইয়ুম দলীয় মনোনয়ন ফরম নেন নি, মনোনয়নও চান নি। বিএনপির কোন পদেও নেই তিনি। তাকে বিদ্রোহী প্রার্থী বলা যাবে না।


