সু.খবর ডেস্ক
২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পরিধি ৮১ বা ৮৩ সদস্যের করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে দপ্তর উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলন সফল করতে এ উপ-কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হলে ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘গত কয়েকটি সম্মেলনে ৭৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ছিল, কিন্তু এবার নতুন বিভাগ ও দেশের লোকসংখ্যার দিক বিবেচনা করে এ পরিধি বাড়ছে।’ তিনি বলেন, ‘আমাদের এই
সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে ৭/৮ জন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক একশ এর মধ্যে রাখা হবে।’
সম্মেলনে আগত কাউন্সিলরদের সংখ্যা নিয়ে দপ্তর উপ-কমিটির আহ্বায়ক বলেন, ‘আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশে থেকে আসবেন। এর বাইরে কতজন ডেলিগেট জেলা পর্যায় থেকে আসবেন সেটা আগামী এক সপ্তাহের মাধ্যে জেলা সভাপতি সাধারণ সম্পাদকরা আমাদের কাছে লিস্ট দেবেন।’
পাশাপাশি সম্মেলনকে সফল করার লক্ষে দপ্তর উপকমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। ময়মনসিংহে নতুন কোনো সাংগঠনিক সম্পাদক না থাকায় সেখানকার দায়িত্ব ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে পালন করার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত ২১টি জেলার কাউন্সিলরদের নামের তালিকা হাতে পেয়েছেন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জেলাগুলো কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা দিতে হবে। এই সম্মেলনে ৭০টি সাংগঠনিক জেলা কাউন্সিলরদের তালিকা দেবেন।’
সম্মেলনকে কেন্দ্র করে পোস্টার-ব্যানারে নিষেধাজ্ঞার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে , ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপ-কমিটির সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, কমিটির সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন প্রমুখ।


