সু.খবর ডেস্ক
দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মনীভাতা বাড়ছে কয়েকগুন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা পরিষদের উদ্যোগে জেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এক সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এ ঘোষণা দেন।
জানা গেছে, বর্তমানে ইউপি চেয়ারম্যানদের ভাতা তিন হাজার ছয় শত টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫ হাজার টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে সাড়ে ১২ হাজার এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে পাবে আরো সাড়ে ১২ হাজার টাকা। এছাড়াও ইউপি সদস্যরা দেড় হাজার টাকার পরিবর্তে পাবে ১৫ হাজার টাকা। যার মধ্যে সরকার দিবে সাত হাজার আর ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে আট হাজার টাকা।
টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।


