ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাই উপলক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর বাজারে আয়োজিত বর্ধিত সভায় মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওখিল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নৃপেন্দ্র চন্দ্র রায়। সভা পরিচালনা করেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন তালুকদার।
সভায় ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বমোট ২০ জনের মধ্যে ১৪ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে আসন্ন মধ্যনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে দলীয় মনোননয়ন পাওয়ার জন্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগের প্রার্থীতা বাছাইয়ের জন্য ১৪ জন উপস্থিত সদস্যের সকলের ভোট পেয়ে মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রবীর বিজয় তালুকদার প্রাথমিকভাবে এগিয়ে আছেন।
অন্য প্রার্থীরা হলেন, যুগ্ম আহবায়ক মনুরঞ্জন তালুকদার মনু, মধ্যনগর থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ, রিপন সরকার ও আওয়ামী লীগ নেতা মনু রায়।
এ উপজেলার ১০টি ইউনিয়নে ষষ্ঠ দফায় আগামী ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


