ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
তদন্ত প্রতিবেদন না দেওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশের প্রতি অশ্রদ্ধা এবং আদেশ প্রতিপালনে গাফিলতি করায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র বিরুদ্ধে মামলা করা হয়। নারী ও শিশু নির্যাতন (পিটিশন) মামলা নং-৩৫১/১৮।
জানা যায়, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী আজিজুল ইসলাম সহ অপর ২ জনের বিরুদ্ধে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতনের মামলা করেন মোছা. শেফা আক্তার। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে ২০১৮ সালের ১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু কে নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই তারিখে তিনি কোনো প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন নাই। এরপর যথাক্রমে ২০১৯ সালের ২৪ জানুয়ারি, ১০ মার্চ, ৯ এপ্রিল, ২২ মে, ১৪ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইবুনাল। শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু ৬ষ্ঠ বারের মত ধার্যকৃত তারিখেও কোনো প্রতিবেদন দাখিল করেন নাই। ফলে চেয়ারম্যানকে
হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। কিন্তুষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু আদালতে হাজির হননি। কোন কারণ দর্শানোর জবাবও দাখিল করেননি, প্রতিবেদনও দাখিল করেননি।
ট্রাইব্যুনালের আদেশের প্রতি অশ্রদ্ধা এবং আদেশ প্রতিপালনে গাফিলতি করায় শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র বিরুদ্ধে মামলা দায়ের এর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বৃহস্বপতিবার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন দন্ডবিধি ১৭৪/১৮৭/১৮৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হওয়ায় এই আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি সি.আর মামলা দায়ের হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর নান্টু রায়।