ইকবালনগরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আটক ১

স্টাফ রিপোর্টার
পৌর শহরের ইকবাল নগর এলাকায় এক বাকপ্রতিবন্ধী (১০) শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবুল মিয়া (১৫) নামের এক কিশোরকে আটক করেছে। সে ওই এলাকারই বাসিন্দা। এঘটনা শিশুর পিতা বাদী হয়ে আটককৃত বাবুল মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই মেয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি বৃহস্পতিবার বিকালে ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সন্ধ্যার আগে একই এলাকার আবদুল কাদিরের ছেলে বাবুল মিয়া তাকে ডেকে নিয়ে সড়কের পাশের নির্জনস্থানে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় বাবুল মেয়েটিকে মারধরও করে।
মেয়ের মা জানান, তার স্বামী ঠেলগাড়ি চালান। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। বৃহস্পতিবার বিকালে তিনি ও তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অন্যদের সঙ্গে খেলা করার সময় তার মেয়েকে ফুসলিয়ে সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে যায় বাবুল। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়ে চিৎকার শুরু করলে বাবুল দৌঁড়ে পালিয়ে যায়। রাতেই তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তারা। তার উরুতে ও পায়ে মারধরের চিহ্ন আছে।
পুলিশ শুক্রবার বিকালে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে বাবুল মিয়াকে আটক করেছে। বাবুল অটোরিকশা চালায়।
সুনামগঞ্জ সদর থানার এসআই রিপন চন্দ্র গোপ বলেন, অভিযুক্ত বাবুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। এখন আইন অনুয়ায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম বলেছেন,‘হাসপাতালে ভর্তির পরই মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে মেয়েটি ধর্ষিত হয়েছে কি-না।’
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ থানায় লিখিত অভিযোগ পাওয়ার আগেই পুলিশ খবর পেয়ে অভিযুক্ত বখাটে বাবুল মিয়াকে আটক করা করেছে। শিশুর বাবা আটককৃত বাবুলের বিরুদ্ধে রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাবুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’