ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুনামগঞ্জ-ডলুরা সড়কে সোমবার সকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মাসুমা বেগম (৪০) নামের ওই নারীর বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামে।
স্থানীয় মঙ্গলকাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব জানান, মাসুমা বেগম একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এনজিও) চাকরি করেন। সকাল ১০ টার দিকে তিনি নিজ গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে মঙ্গলকাটা বাজারে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভৈষারপাড় নামক স্থানে তার গলায় থাকা ওড়নাটি ইজিবাইকের চাকায় আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন।  
পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুমা বেগমের ছোট বোনের স্বামী আনোয়ার হোসেন বলেন,‘খবর পেয়ে আমরা তাকে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মাসুমা বেগমের স্বামী জয়নাল আবেদিন একজন স্কুল শিক্ষক।’