ইজিবাইকে ওড়না পেঁছিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁছিয়ে জান্নাতুল আরফা জুঁই নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জুঁই উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তানভিরের মেয়ে ও ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। রোববার বিকেল চারটার দিকে ধর্মপাশা-কান্দাপাড়া সড়কের বাহুটিয়াকান্দা সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয় ছুটি হয়। জুঁই তার সহপাঠীদের নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। ইজিবাইকটি বাহুটিয়াকান্দা সেতু পার হওয়ার সময় তার গলার ওড়না ইজিবাইকের মোটরে পেঁছিয়ে যায়। যতক্ষণে ইজিবাইকটি থামলো ততক্ষণে জুঁই মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই। ফলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’