জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে স্বামীর উপর রাগ করে বিষপানে ফুল পরী বেগম (৪৫) নামের ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঐ নারী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আশিক আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে স্বামীর সাথে রাগ করে ৪ সন্তানের জননী ফুল পরী বেগম পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক বিষ পান করেন। বিষে ছটফট করতে থাকলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই মহিলার বাবার বাড়ির লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া রবিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


