ছাতকের ইসলামপুর ইউনিয়নে ৪ হাজার হেক্টর সরকারি ভূমি রয়েছে, যেখানে অতীতে মুর্তা চাষের নামে বরাদ্দ নিয়ে তৎকালীন সরকার দলীয়রা মুর্তা চাষ না করে অন্যবিধ ব্যবহারের মাধ্যমে লুটপাট করেছেন। সৌদি আরবের বিখ্যাত শিল্পদ্যোক্তা আল রাজি গ্রুপ ছাতক-দোয়ারাবাজারে ৩টি শিল্প কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করায় ইসলামপুর ইউনিয়নের ওই ৪ হাজার হেক্টর সরকারি জমি আবারও আলোচনায় এসেছে। স্থানীয়রা দাবি তুলেছেন সৌদি আল রাজি গ্রুপকে শিল্প স্থাপনের জন্য ওই জায়গা থেকে প্রয়োজনীয় পরিমাণ জমি বরাদ্দ দেয়ার। পাশাপাশি পুরো ৪ হাজার হেক্টর জমিকেই শিল্প কারখানার জন্য পরিকল্পিত উপায়ে ব্যবহারের মাধ্যমে এখানে একটি ইকোনমিক জোন গড়ে তোলার দাবিও তাঁদের। দেশের বিভিন্ন জায়গায় যেসব ইপিজেড গড়ে তোলা হচ্ছে সেই আদলে ইসলামপুরে একটি শিল্প এলাকা গড়ে তোলা হলে ছাতকের আর্থ সামাজিক প্রেক্ষাপট বহুলাংশে উন্নত হবে বলে মনে করছেন ছাতকবাসী। স্থানীয়দের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে স্থানীয় সরকার দলীয় সাংসদ মুহিবুর রহমান মানিক ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মানিকও এরকম উদ্যোগকে সমর্থন করেছেন। স্থানীয় উন্নয়নে দলীয় বিভক্তি বা ভিন্ন প্লাটফরম বাধা নয়, এই ঐকমত্য তার জ্বলন্ত উদাহরণ। এই মতৈক্যের জায়গাটিকে আমরা অভিনন্দিত করি এবং সকল ইতিবাচক ইস্যুতেই এমন একাট্টা অবস্থান কামনা করি।
বাংলাদেশ উন্নয়নের যে পথে এখন হাঁটছে সেখানে বিদেশি বিনিয়োগ ও শিল্পায়ন একটি অপরিহার্য চাহিদা। বাংলাদেশ বরাবরই বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে এবং এই বিনিয়োগকে নির্ঝঞ্ঝাট করতে সম্ভাব্য সবধরনের সহায়তা জুগিয়ে আসছে। ফলে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইপিজেডগুলোতে ব্যাপকমাত্রায় ছোট ও মধ্যম মানের কিছু কারিগরি প্রতিষ্ঠান (শিল্প বলতে রাজি নই আমরা) গড়ে উঠেছে। সৌদি আল রাজি গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকেও এই কারণেই স্বাগত জানানো হচ্ছে। তবে এখানে জাতীয় স্বার্থ সংরক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। এর আগে আমরা ভারতীয় সাহারা গ্রুপের বিনিয়োগ নিয়ে প্রথমে অতি উৎসাহ এবং পরে খোদ ভারতেই সাহারা গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ফলে সেই উৎসাহ মিইয়ে যেতে দেখেছি। অনুরূপভাবেই সৌদি আল রাজি গ্রুপকেও চূড়ান্ত করার আগে বেশ ভাল করেই যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা বোধ করি আমরা। বাংলাদেশে ভূমি ও শ্রমের মতো যে সুবিশাল সম্পদ রয়েছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার কাম্য দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই। সবকিছু মিলিয়ে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে সৌদি আল রাজী গ্রুপকে আসতে এবং ইসলামপুরের সরকারি জমি বরাদ্দ দিতে কেউ আপত্তি করবে না ।
পাশাপাশি শিল্প স্থাপনে অতিরিক্ত উৎসাহিত হয়ে গিয়ে আমাদের জাতীয় অর্থনীতির মেরুদ- কৃষির অস্তিত্ব বিপন্ন হতে পারে এমন কিছু করা যাবে না কিছুতেই। কৃষি বাঁচিয়েই শিল্পের দিকে যেতে হবে আমাদের। নতুবা শিল্পোন্নয়নের ফানুশ একসময় চুপসে গিয়ে আমাদের বারোটা বাজিয়ে ছাড়বে। স্থানীয়রা অনেক সময় যুক্তি তর্কের পরিবর্তে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু বলেন। আমাদের নীতি নির্ধারকদের দায়িত্ব হলো কষ্টিপাথরে যাচাই করে নিয়ে প্রকৃত সোনাকেই ঘরে তোলা। ব্যক্তি বিশেষের পকেট ভারী করার জন্য সরকারি সম্পদের যথেচ্ছ অপ ব্যবহার আমাদের দেশে একেবারেই পুরানো বিষয়। সুতরাং মুর্তা চাষের মাধ্যমে ইসলামপুরের সরকারি জমি ব্যবহারের খবরটিতে আমরা তেমন চমকিত হচ্ছি না। আমরা বরং ভাবছি, সামনের কথা। সামনেও যাতে এই জমি দেশি-বিদেশী লুটেরাদের মুনাফার উর্বর ক্ষেত্র না হয় সেটিই আমাদের আগ্রহের বিষয়।
- সুনামগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনয়ন জরুরি
- মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

