ডা: মুরশেদ আলম
পথচারী বলেন আর যানবাহনই বলেন রাস্তায় নিরাপদে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা থাকা অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। কারণ ট্রাফিক ব্যবস্থাপনার যথাযথ শৃঙ্খলা না থাকলে দুর্ঘটনা ঘটবেই। আর সে দুর্ঘটনায় পতিত হয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের মৃত্যুও হতে পারে কিংবা দুর্ঘটনার শিকার হয়ে একটি বা অনেকগুলো সুস্থ মানুষ চিরকালের জন্য পঙ্গু হয়ে পরিবার ও সমাজের বোঝা হয়ে যেতে পারে। মানুষের জীবনের নিরাপত্তার জন্যই ট্রাফিক ব্যবস্থাপনার সর্বোচ্চ শৃঙ্খলা রাখা অত্যন্ত জরুরি।
কিন্তু যানবাহন চলাচলে আমরা কি দেখতে পাই ? দেখতে পাই, যে যানবাহনগুলো রাস্তায় চলাচল করছে তা রিক্সা হোক আর ইজি বাইক হোক কিংবা অন্যান্য মোটর চালিত যানবাহনই হোক, বেশীর ভাগেরই রাস্তায় চলাচলের ফিটনেস নেই। যেমন ব্রেক নেই, বাতি নেই, হর্ণ নেই। এবং লক্কর-ঝক্কর মার্কা বডি যে কোন মুহূর্তেই ভেঙ্গে পড়তে পারে। বসার সিটের কথা এবং হুডের কথা নাই বা বল্লাম। এ বিষয়ে সবারই কমবেশি অভিজ্ঞতা আছে। পৌরসভার রাস্তায় রাতে চলাচলকারী একটা রিক্সাতেও বাতি ব্যবহার করা হয় না। অনেক ইজি বাইকেও একই অবস্থা। বাতিহীন রিক্সা ও ইজি বাইকগুলো অন্ধকারে যাত্রী নিয়ে চরম ঝুঁকির মধ্যে চলাচল করে। বাতি না থাকায় রাস্তার উপর চলাচলের সময় এগুলোকে দেখা যায় না । প্রায়শই পথচারীদের উপর উঠে পড়ে কিংবা ধাক্কা বা ঘষা লাগিয়ে জামা কাপড় ছেঁড়া সহ পথচারীদেরকে আহত করে ফেলে। অন্ধকারে চলাচল করতে গিয়ে ভাঙ্গা রাস্তার গর্তে পড়ে যাত্রী সহ দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে অনেক শিশু-নারী-পুরুষ যাত্রীর জীবন বিপন্ন হচ্ছে। এরকম বাতিহীন, ব্রেকহীন, হর্নবিহীন, ছেঁড়া হুড, ছেঁড়া সিট সম্বলিত যানবাহন তা রিক্সা কিংবা ইজিবাইক যে ধরনের যানবাহনই হোক না কেন সে সমস্ত যানবাহনকে রাস্তায় চলাচল বন্ধ করা জরুরি। এটা পথচারী ও যানবাহনের যাত্রী তথা সকল নাগরিকদের নিরাপদ জীবনের জন্য অপরিহার্য। এটাকে কোন ভাবেই উপেক্ষা করা উচিত হবে না।
এছাড়া রিক্সা চালক কিংবা ইজি বাইক চালকদের অনেকেরই রাস্তায় চলাচলের ন্যূনতম ট্রাফিক আইনের ধারণাই নেই। যেনতেন ভাবে চালানো শিখেই রিক্সা অথবা ইজি বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। না জানে ট্রাফিক আইন, না জানে যাত্রীদের সাথে শালীন ব্যবহার। যেখানে ইচ্ছা রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী উঠা নামা করানো এবং যত্রতত্র অবৈধভাবে পার্ক করে যানবাহনসহ জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করা যেন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। যানবাহনে ধূমপান নিষেধ থাকলেও চালকসহ অনেক যাত্রীরাও ধূমপান করে নারী শিশু সহ অনেক অধূমপায়ী যাত্রীদেরকে চরম অস্বস্তিতে ফেলেছেন। সামনের সিটে বসে ধূমপান করায় বাতাসে সিগারেটের জলন্ত শুঁকা পিছনের যাত্রীদের চোখে মুখে ও জামা কাপড়ে পড়ে বিপদ ঘটাচ্ছে। পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলকারী ইজিবাইকের ভাড়া মোটামুটি নির্ধারিত থাকলেও রিক্সাভাড়া রিক্সা চালকদের স্বেচ্ছাচারী চাহিদায় পরিণত হয়েছে। রিক্সা চালকরা স্বেচ্ছাচারী রেটে ভাড়া নিতে প্রায়শই যাত্রীদের সাথে (বিশেষভাবে নারী ও শিশু যাত্রীদের সাথে) অশালীন আচরণও করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে অশ্লীল মন্তব্যও করেন মর্মে জানতে পারা যায়। মনে হচ্ছে এ শহরে ট্রাফিক আইন লঙ্ঘন করে যানবাহন চালাতে চালকরা এক ধরনের বীরত্ব অনুভব করে থাকেন। বিষয়টি ট্রাফিক ব্যবস্থার প্রতি কতটা অবজ্ঞার এবং যাত্রীদের নিরাপদে রাস্তা চলাচলে কতটা হুমকীর সৃষ্টি করেছে তা কর্তৃপক্ষের একবার ভেবে দেখা প্রয়োজন। ট্রাফিক ব্যবস্থার এই অনিয়ম ও বিশৃঙ্খল অবস্থা থেকে আমরা দ্রুত উত্তরণ চাই। ট্রাফিক অব্যবস্থাপনার এই অরাজক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া এখন সময়ের দাবি। এখনই ট্রাফিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় ফিরিয়ে না আনলে ভবিষ্যতে তা হয়তো আরো মারাত্মক আকার ধারণ করবে বলে মনে হয়। যা পরবর্তীতে শৃঙ্খলায় প্রতিস্থাপন করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে। আর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষেরই বেশি দায়িত্ব। তাছাড়া পুলিশের ট্রাফিক বিভাগের এবং জেলা প্রশাসনেরও সমান দায়িত্ব বলে আমরা মনে করি। ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা থাকলে একটা শহরের নাগরিকদের জীবন যাত্রা অহরহ চরম ঝুঁকির মধ্যে থাকে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়টি প্রকট হয়ে দেখা দেয়। সকল উন্নয়ন ও সুশাসন অনেকটাই যেন ম্লান হয়ে যায়।
তাই আমাদের একান্ত প্রত্যাশা পৌর কর্তৃপক্ষ, পুলিশের ট্রাফিক বিভাগ এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে এ বিষয়ে দ্রুত এবং যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সুনামগঞ্জ শহরকে ট্রাফিক ব্যবস্থাপনায় একটি মডেল দৃষ্টান্ত হিসেবে স্থাপন পূর্বক সুনামগঞ্জবাসীকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।
- আগে কি সুন্দর দিন কাটাইতাম-৪ সেকালের গার্জিয়ান বা অভিভাবক
- ইসলামপুরের চার হাজার হেক্টর জমি ও সৌদি আল রাজি গ্রুপ


