ইসলামপুর ইউনিয়নে জমে উঠেছে প্রচারণা

বিজয় রায়, ছাতক
ছাতকের সীমান্তবর্তী অঞ্চল ইসলামপুর ইউনিয়নে বইছে নির্বাচনী উত্তাল হাওয়া। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও জটিল ভৌগোলিক অবস্থান উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। এখানে ত্রি-মুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা।
৩২টি গ্রাম ও ৬টি বাজার নিয়ে ইসলামপুর ইউনিয়ন গঠিত। প্রশাসনিক তথ্য অনুযায়ি ১১টি ভোট কেন্দ্রে রয়েছে এ ইউনিয়নে। এর মধ্যে ৬টি অধিক ও ২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটারের মধ্যে সংখ্যায় নারী-পুরুষ প্রায় সমান। মোট  ১৬হাজার ৯শ’ ৪৭জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৪শ’ ৭৪জন ও ৮হাজার ৪শ’ ৭৩জন নারী ভোটার রয়েছেন। একটি অবাদ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশায় প্রহর গুনছেন ইউনিয়নবাসী।
নৌকা, ধানের সাথে পাল্লা দিয়ে প্রচারণায় রয়েছে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল। ২০ দলীয় জোটগতভাবে তাকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি। মনোনয়ন দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদির তার মনোনয়ন প্রত্যাহার করায় মুলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন ঘনিয়ে আসার সাথে-সাথে প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখানে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। এ ছাড়া সদস্য ও মহিলা সদস্য প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় গোটা ইউনিয়ন ভাসছে নির্বাচনী হওয়ায়।
সাধারণ ভোটারদের ধারণা  নৌকা ও ধানের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকবে টেলিফোন। এদের মধ্যেই যে কেউ ছিনিয়ে আনতে পারেন কাংখিত বিজয়। এ ইউনিয়নের সীমান্তে বসবাসকারী একটি ক্ষুদ্র অংশ নৃ-জনগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ফলাফলের ক্ষেত্রে অনেকটা প্রভাব বিস্তার করবে বলে সচেতন ভোটাররা মনে করছেন। ২০দলীয় জোট প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মাও. আকিক হোসাইন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী তার বিজয়ের পথে অনেকটা কাটা হয়ে দাড়িঁয়েছেন।  সাংগঠনিক ভয়ভীতি দেখিয়েও এ বিদ্রোহী প্রার্থীকে কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবুও ধানের শীষের বিজয় আটকানো যাবে না বলে প্রার্থী মাও. আকিক হোসাইন ও তার কর্মী সমর্থকরা বিশ্বাস করেন। একক প্রার্থী হওয়ায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুল হেকিম। দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা ও ইউনিয়নের উন্নয়নমুলক কাজে শরীক থাকায় তিনিও নৌকার বিজয়ে খুবই আশাবাদী। পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশায় ইউনিয়নবাসী নৌকার সাথেই রয়েছে বলে আব্দুল হেকিম বিশ্বাস করেন। দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইব্রাহিম আলী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবুল মিয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আঞ্চলিকতার টানে যেকোন মুহূর্তে নির্বাচনের গতিবিধি পরিবর্তনের ক্ষমতা রয়েছে এ প্রার্থীদ্বয়ের। তার স্ব-স্ব অবস্থান থেকে বিজয়ের ব্যাপারে অনড় থেকে ভোটারদের দ্বারে-দ্বারে ছুটছেন বিরামহীনভাবে। সংরক্ষিত ৩টি আসনে ১৩জন প্রার্থী নিজ নিজ এলাকার আনাচে-কানাচে বিচরণ করছেন। নিজের বিজয় নিশ্চিত করতে নাওয়া-খাওয়া উপেক্ষা করে ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে।
 সংরক্ষিত ১নং আসনে আয়শা বেগম, জ্যোৎসনা বেগম, রুপিয়া বেগম ও হেলিমা বেগম, ২নং আসনে প্রিয়বালা দাস ও মনারুন নেছা এবং ৩নং আসনে জোবেরা আক্তার, বেহুলা বেগম, বিনতা দাস, নুরফুল বেগম, রংমালা বেগম, রুহেনা বেগম ও  স্বাধীন বেগম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া সাধারন সদস্য পদে ৯ ওয়ার্ডে ৪৫জন প্রার্থীর বিরতীহীন প্রচারনায় ইউনিয়নের গ্রামে-গঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে ৫ চেয়ারম্যান প্রার্থীর বিরামহীন প্রচারণায় হাড্ডা-হাড্ডি ত্রি-মুখী লড়াইয়ের বিষয়টিই এখন ভোটারদের মুখে-মুখে উঠে আসছে আলোচনায় ।