জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জগন্নাথপুর উপজেলায় সাম্প্রতিকালে ইয়াবা ট্যাবলেট সেবনকারী ও বিক্রয়ের ব্যপকতা ঘটায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ইয়াবা ক্রয় বিক্রয় বন্ধে পুলিশকে দায়িত্বশীলতার সহিত কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুরের ইউএনও (চ.দা) হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাশিম, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, ‘সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় ইয়াবা বিক্রেতা ও সেবনকারীর ছড়াছড়িতে আমরা উদ্বিগ্ন।’
শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘ইয়াবার মতো মরননেশা জগন্নাথপুরের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিষয়টি নিয়ে সচেতন অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক ইয়াবা ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।’ এসময় তিনি ইয়াবা ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হবে বলে জানান।
প্রসঙ্গত, সাস্প্রতিককালে জগন্নাথপুরের মারাত্মকভাবে ইয়াবার বিস্তার ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন পূর্বে র্যাব-৯ এর একটি দল জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।


