ঈদেও বেতন-ভাতা পাচ্ছেন না ছাতকের ৩০ শিক্ষক

ছাতক প্রতিনিধি
ছাতকের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক-শিক্ষিকা ঈদের বেতন-ভাতা ও বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার শিক্ষক-শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভায় যোগ দেয়া শিক্ষক-শিক্ষিকা বৃন্দের বেতন বিল পাশ করা হলেও সুবিধা বঞ্চিত রয়ে যায় উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। ২০১৩ সালের ১জুলাই ছাতক উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয় এক সাথে সরকারিকরণের আওতায় আনা হয়। সরকারিকরণকৃত এসব বিদ্যালয়ের মধ্যে ২য় ধাপের ৭টি ও ৩য় ধাপের ১টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, এসব বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল কাগজপত্র অনেক আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। শুধু সরকারীভাবে গেজেট প্রকাশ না হওয়ায় তারা বেতন-ভাতা সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দেশে ২য় ও ৩য় ধাপের কোন শিক্ষক-শিক্ষিকারা এখনো বেতন পাচ্ছেন না বলে তিনি জানান। উপজেলার ৮টি বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত একাধিক শিক্ষক-শিক্ষিকা জানান, দীর্ঘ দিন থেকেই এসব বিদ্যালয়ে তারা বিনা বেতনে চাকুরি করে আসছেন। একই সাথে উপজেলার ৫৭টি বিদ্যালয় সরকারিকরণ করা হলেও এ উপজেলার আন্ধারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগিজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদুর্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, করছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঘলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জনশিক্ষক-শিক্ষিকারা বেতন-ভাতা ও ঈদ বোনাস থেকে রয়েছেন বঞ্চিত।