ছাতক প্রতিনিধি
ছাতকে একই এলাকায় দুই কাজীর বিরোধ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগী মানুষ। দীর্ঘ ১০ বছর ধরে চলে আসা বিরোধ নিষ্পত্তি করতে পারছেন না সংশ্লিষ্টরা। বিরোধের জের ধরে দুই কাজীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কাজীরা পরস্পরের বিরুদ্ধে অবৈধতার অভিযোগ এনে বিগত দিনে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছেন। কিন্তু ১০ ধরে একই এলাকায় দুই কাজী তাদের নিকাহ রেজিষ্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অবৈধভাবে। এর মধ্যে শিক্ষাগত
যোগ্যতার বৈধতা নিয়ে একজনের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। বর্তমানে তাদের বিরোধ চরম আকার ধারণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, নোয়ারাই ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার হুসাইন আহমদ ও ছাতক পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্ট্রার বদরুল আলমের কার্যালয় নোয়ারাই বাজারে। নোয়ারাই বাজারটি পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ায় অবৈধতার প্রশ্নে এবং মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিষ্ট্রার কাজী বদরুল আলমের অভিযোগের প্রেক্ষিতে নিকাহ রেজিষ্ট্রার হুসাইন আহমদকে পৌর এলাকা থেকে তার কার্যালয় অন্যত্র সরিয়ে নিতে ২০০৪ সালের ২০ ডিসেম্বর ও ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর দু’টি নোটিশ প্রদান করেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু নিকাহ রেজিষ্ট্রার হুসাইন আহমদ বিষয়টি অগ্রাহ্য করে তার কার্যক্রম অব্যাহত রেখেছেন। হুসাইন আহমদ তার অধিক্ষেত্রের বাইরে অবৈধভাবে নিকাহ রেজিষ্ট্রি কার্যালয় স্থাপন প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা সাব রেজিষ্ট্রার রফিকুল ইসলাম ২০০৫ সালে ২০ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব বরাবরে একটি আবেদনে হুসাইন আহমদের নিকাহ রেজিষ্ট্রি কার্যালয়টি উচ্ছেদ ও কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন পত্রিকায় হুসাইন আহমদের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতারণার অভিযোগ তুললে ২০০৬ সালের ৩১ মে কাজী হুসাইন আহমদকে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি জরুরী ভিত্তিতে তলব করেন তৎকালীন জেলা রেজিষ্ট্রার মোখলেছুর রহমান। কিন্তু হুসাইন আহমদ তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি প্রদর্শন করতে ব্যর্থ হয়ে জেলা সাব রেজিষ্ট্রার কার্যলয়ে উপস্থিত হয়ে তিনি মাদ্রাসা শিক্ষবোর্ডের অধিনে লেখা পড়া করেননি বলে মৌখিকভাবে জানান। নিকাহ রেজিষ্টার নিয়োগ বিধি অনুযায়ি মাদ্রাসা বোর্ডের শিক্ষাগত যোগ্যতা না থাকায় হুসাইন আহমদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব বরাবরে ২০০৬ সালের ২৮জুন একটি আবেদন করেন জেলা রেজিষ্ট্রার মোখলেছুর রহমান। বর্তমানে নিকাহ রেজিষ্ট্রার হুসাইন আহমদের সর্ব বিষয়ে তদন্ত করছেন ছাতক সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অবৈধভাবে নিকাহ রেজিষ্ট্রার কার্যক্রম চালিয়ে যাওয়ার পেছনে হোসাইন আহমদের অদৃশ্য ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে।
এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান জানান, নোটিশ দিয়ে পূর্ব অবগত করার পরও গত সোমবার ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায় নি। এসময় তার নিকাহ রেজিষ্ট্রি অফিসটিও বন্ধ পাওয়া যায়। রবিবার হোসাইন আহমদকে চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে সত্যায়িত কপিসহ উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ করা হবে।


