বিন্দু তালুকদার
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই সেøাগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। বুধবার দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার এই চাল পাবে। তবে বাস্তব হলেও সত্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় দরিদ্রদের (ভোক্তা) তালিকা তৈরিতে গড়িমসি করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৮৭ টি ইউনিয়নের ৭২ টি ইউনিয়নের তালিকা প্রণয়ন হয়েছে। এর মধ্যে যাচাই হয়েছে মাত্র ৪২টি তালিকা। যাচাই বাছাই করার পর ভোক্তাদের কার্ড ও চাল বিক্রি করা হবে।
এদিকে কুড়িগ্রামে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধনের পর পরই সারা দেশে এই কর্মসূচি চালু করার জন্য খাদ্য অধিদপ্তর থেকে জেলা খাদ্র্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। বুধবার বিকালে ইমেইলের মাধ্যমে সেই চিঠিটি সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় পেয়েছে। অধিদপ্তর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাল বিতরণের চিঠি পৌঁছলেও ইউনিয়ন পরিষদের প্রণয়নকৃত ও উপজেলা পরিষদের যাচাই বাছাইকৃত অনেক তালিকাই পাওয়া যায় নি। নির্বাচিত জনপ্রতিনিধিরা সঠিক সময়ে ভোক্তাদের তালিকা প্রণয়ন করেননি। অভিযোগ উঠেছে এসব কাজে ঢিলেমি করছেন তাঁরা
(ইউপি চেয়ারম্যান)।
জানা যায়, এই ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ প্রতি অর্থবছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস এ কর্মসূচি চলবে। এ কর্মসূচিতে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে। সব থেকে বেশি প্রাধান্য দেয়া হবে যে পরিবার নারীপ্রধান, বিধবা বা প্রতিবন্ধী। সপ্তাহের তিন দিন এসব চাল বিক্রি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ১১ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৯১ হাজার ৬২৭ জন ভোক্তা কার্ডের মাধ্যমে এই কর্মসূচির আওতায় চাল ক্রয় করার সুযোগ পাবেন। কিন্তু বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সুনামগঞ্জের ১১ উপজেলার মধ্যে সোমবার পর্যন্ত ৬ টি উপজেলার চূড়ান্ত তালিকাই করা হয়নি। বিশেষ করে জেলার সর্ববৃহৎ উপজেলা ছাতকের ১৩ ইউনিয়নের মধ্যে মাত্র ২ টি ইউনিয়নে তালিকা প্রণয়ন করা হয়েছে।
জানা যায়, ১১ উপজেলার ৮৭টি ইউনিয়নের ৯১ হাজার ৬২৭ জন ভোক্তা কার্ডের মাধ্যমে সরকারের নিয়োগকৃত ১৭১ জন ডিলারের কাছ থেকে ১০ টাকা কেজি দরে চাল ক্রয় করবেন। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ করা হয়েছে। তালিকা অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪৮২২ জন ভোক্তা, দক্ষিণ সুনামগঞ্জে ৬২৬৭ জন, দোয়ারাবাজারে ৭৭৭৮ জন, ছাতকে ১৪০৬৬ জন, জগন্নাথপুরে ৯৬৪৮ জন, দিরাইয়ে ৮৩৭৮ জন, শাল্লায় ৩৮৫০ জন, ধর্মপাশায় ৮০৯২ জন, জামালগঞ্জে ৬২৭৩ জন, তাহিরপুরে ৬৭৬২ জন, বিশ্বম্ভরপুরে ৫৬৯১ জন ভোক্তা স্থানীয় ইউনিয়নের সরকারি ডিলারের কাছ থেকে কার্ডের মাধ্যমে চাল ক্রয় করবেন।
বৃহস্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৯টি, ধর্মপাশার ১০টি, জামালগঞ্জের ৫টি ও তাহিরপুরের ৭টি ও দক্ষিণ সুনামগঞ্জের ৮টি ইউনিয়নের প্রণয়নকৃত তালিকা যাচাই শেষ হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পৌঁছেছে। এসব তালিকা অনুযায়ী কার্ড তৈরির কাজ শুরু হয়েছে। তবে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন পর্যায়ে তালিকা প্রণয়ন করা হয়েছে ৬ টির, উপজেলা কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছে ১টি। ছাতকের ১৩ ইউনিয়নের মধ্যে ২ টি তালিকা প্রণয়ন করা হয়েছে তবে কোনটাই যাচাই-বাছাই হয়নি। জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র ৭টি ইউনিয়নের তালিকা প্রণয়ন করা হয়েছে, তবে একটিও যাচাই করা হয়নি। দিরাইয়ের ৯টি ইউনিয়ন কমিটি হয়েছে তবে কোন তালিকাই যাচাই হয়নি। বিশ্বম্ভরপুর উপজেলারও একই অবস্থা, ৫টি ইউনিয়ন তালিকা প্রণয়ন হয়েছে, কোনটাই যাচাই হয়নি। শাল্লায় ৪টি ইউনিয়নের তালিকা হয়েছে, যাচাই করা হয়েছে ২টি। জেলার ৮৭ টি ইউনিয়নের মোট ৭২ টি ইউনিয়নের তালিকা প্রণয়ন হয়েছে, যাচাই হয়েছে মাত্র ৪২টির। ৯১ হাজার ৬২৭ জন ভোক্তার জন্য ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে ৭০ হাজার ৬৫৭ জনের নাম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন,‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়ে ভোক্তাদের তালিকা প্রণয়ন ও যাচাই শেষে প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত আমরা জেলার ১১ টি উপজেলার মধ্যে মাত্র ৫ টি উপজেলার চূড়ান্ত তালিকা ও বিভিন্ন উপজেলার কিছু কিছু তালিকা হাতে পেয়েছি। যাচাইকৃত তালিকা প্রদানের জন্য আমরা বার বার তাগিদ দিচ্ছি। চাল বিক্রির নির্দেশনা পাওয়া গেছে। আমরা যেসব তালিকা পেয়েছি ঈদের পরই সেগুলিতেই কার্ড বিতরণ ও চাল বিক্রির কার্যক্রম শুরু করব।’
জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত তালিকা প্রণয়ন ও ঈদের ভেতরেই সেই তালিকাগুলো যাচাই বাছাই করার জন্য আজই (বৃহস্পতিবার) একটি সার্কুলার জারি করা হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন ঈদের পর পরই কার্ড বিতরণ ও চাল বিক্রির কার্যক্রম শুরু করা যায়।
- বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
- জাল নোট ঠেকাতে তৎপরতা- ২৬ হাটেই থাকছে সনাক্তকরণ মেশিন


