উচ্চমূল্যে চাপায়ীদের দুর্দিন

শহীদনূর আহমেদ
জেলা শহরের অভিজাত হোটেল-রেস্টেুরেন্টগুলোতে এখন চায়ের মুল্য বেপরোয়া। চায়ের মানসম্পন্ন কোয়ালিটির অজুহাত দেখিয়ে চায়ের দাম বৃদ্ধি করছেন রেস্টুরেন্টের মালিকরা। এতে চায়ের ব্যবসায় ত্রিগুণ লাভ করছেন তারা। একেক রেস্টুরেন্টে একেক দরে চা বিক্রি করায় চাপায়ীরা পড়েছেন বিপদে।
চা, চিনি ও দুধের বাজার মূল্যের তুলনায় রেস্টুরেন্টে চা’র মূল্য আকাশছুঁয়া।  
শুক্রবার শহরের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সরেজমিনে ঘুরে দেখা যায়, চায়ের মূল্য প্রতি কাপ সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। প্রতি কাপ দুধ চায়ের মুল্য ২০ টাকা নিচ্ছে শহরের সুরমা মার্কেটের রান্নাঘর রেস্তোরা ও কাজির পয়েন্টের কুটুম বাড়ি রেস্টুরেন্ট। ১৫ টাকা নিচ্ছে সুরমা মার্কেটের সাত ভাই রেস্তোরা, ষ্টেশনরোডের হোটেল হক, পুরাতন বাসষ্টেশনের হোটেল নুরানী মোল্লা রেস্টুরেন্ট, রৌজ গার্ডেন, থ্রী স্টার রেস্টুরেন্ট। ১০ টাকা নিচ্ছে ষ্টেশনরোডের আহনাফ রেস্টুরেন্ট, ডি এস রোডের তাহিতি হোটেল, জগন্নাথবাড়ী রোডের সেভেন স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট। প্রতি কাপ দুধ চায়ের মুল্য ৫ টাকা নিচ্ছে স্টেশনরোডের জয়কালী রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্ট, সারফিন রেস্টুরেন্ট, কাজীর পয়েন্টের মর্ডান রেস্টুরেন্ট।  রং চায়ের (লিকার) ক্ষেত্রে কেবল তাহিতি রেন্টরেন্টেই প্রতি কাপ রং চায়ের মুল্য নিচ্ছে ৮ টাকা, অন্যরা ৫ টাকা।
মো. নুরুল হাসান আতাহার বলেন, ‘চা পান দৈনন্দিন অভ্যাসের ব্যাপার। চা ছাড়া বাঙালির দিন চলে না, আলাপচারিতা জমে উঠে না। শহরের হোটেল রেস্টুরেন্টে চায়ের দাম অতিরিক্ত। একেক হোটেলে একেক দাম। অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমাদের। কোনো কোনো দোকানে চায়ের মানও ভাল না।’
দুলাল মিয়া বলেন, চা আমার খুবই প্রিয়। প্রায় সময় হোটেল রেস্টুরেন্টে চা খেতে হয় আমার। চায়ের দাম সহনীয় পর্যায়ে আনা উচিৎ। চা পাতা ও দুধ পরীক্ষা করা দরকার।’
হোটেল রৌজ গার্ডেন এর ম্যানেজার আরিফ জাহান মামুন ও রান্না ঘরের ম্যানেজার রাহুল তালুকদার বলেন, ‘চায়ের কোয়ালিটি ও হোটেলের মানের উপর চায়ের মূল্য নির্ধারণ করা হয়। হোটেল মালিক সমিতি কর্তৃপক্ষ চায়ের নির্দিষ্ট কোন মুল্য নির্ধারণ করেননি।’