স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন সফল করার জন্য দিনে রাতে কাজ করছেন দলের নেতাকর্মীরা। জেলা-উপজেলা,ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে চলছে জোরালো প্রচার-প্রচারণা। সম্মেলন নিয়ে ইতিমধ্যে পোস্টারও সাঁটানো হয়ে গেছে।
পোস্টারে উল্লেখ করা হয়েছে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। খোঁজ নিয়ে জানা গেছে ২৫ তারিখের সম্মেলনে উপস্থিত থাকবেন না সুরঞ্জিত সেন গুপ্ত। কারণ তিনি এখন আমেরিকায় অবস্থান করছেন। ২৫ তারিখের আগে তিনি দেশে ফিরবেন না। আগামী ২৮ ফেব্রুয়ারির পর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার। সম্মেলন উদ্বোধন করবেন প্রধান অতিথি সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামই। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের মাইকিং-এ সম্মেলনের উদ্বোধক হিসেবে সুরঞ্জিত সেন গুপ্তের নাম প্রচার করা হচ্ছিল।
সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী এলাকা দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন,‘ সুরঞ্জিত সেন গুপ্ত আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবেন বলে কোন তথ্য জানা নেই আমার। শুনেছি তিনি ২৮ ফেব্রুয়ারির পর দেশে ফিরবেন।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বলেন,‘ সুরঞ্জিত সেন গুপ্ত দেশের বাইরে থাকায় তিনি হয়ত আসতে পারবেন না। তাই প্রধান অতিথি সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামই সম্মেলনের উদ্বোধন করবেন।’
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছাতক দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক বলেন,‘ সুরঞ্জিত সেন গুপ্ত দেশের বাইরে থাকায় তিনি আসতে পারবেন না, তবে ২৫ তারিখেই জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’
- শেখ হাসিনার সঙ্গে ৫ নেতার সাক্ষাৎ ‘অগঠনতান্ত্রিক’ কাজের বিরুদ্ধে নালিশ
- আগামীকাল আওয়ামী লীগের জেলা সম্মেলন পদ পেতে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে


