উন্নয়নে বাধা সৃষ্টিকারীরা অকৃতজ্ঞ -পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনা কাজের মানুষ। তিনি দিনরাত দেশের উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ এখন সদর্পে এগিয়ে যাচ্ছে। আমরা তাঁর সহযোগী হিসেবে কাজ করছি। যারা তাঁর ভালো কাজে বাধা সৃষ্টি করতে চায় তারা অকৃতজ্ঞ। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সবার সহযোগিতা করা উচিত।
শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন এমএ মান্নান। সকালে কলেজের মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, এখন প্রযুক্তির যুগ। সব কিছু প্রযুক্তি নির্ভর। তাই কেরানি তৈরির চিন্তা-ভাবনা বাদ দিয়ে বিজ্ঞান ও টেকনিক্যাল শিক্ষায় জোর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে নজর দিয়েছেন। তিনি শিক্ষায় পরিবর্তনের কথা বলছেন। দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের আহবায়ক ইফতেখার আলম। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক মো. জাকির হোসেন ও মৌলি মজুমদার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এম এ মান্নান বলেন, অনেকেই বাংলাদেশের বিকল্প খোঁজে। বাংলাদেশের কোনো বিকল্প নেই। এই অলীক চিন্তা করে লাভ নেই, আমাদের বিকল্প আমরাই। তাই দেশে থেকে দেশের জন্য কাজ করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রায় তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। দেশের পিছিয়ে পড়া অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। দেশে এখন একশ’র উপরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। অথচ এক সময় এসব চিন্তার বাইরে ছিল। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় হবে। রেল লাইন আসবে। তাই দেশের মানুষকে উন্নয়নের পক্ষে থাকতে হবে।