ডা. মুরশেদ আলম
হে ঋদ্ধবান, আবার শুনতে চাই
মাটি ও মায়ের ভাষার সর্বব্যাপী
অধিকার প্রতিষ্ঠায় তোমার সেই
ঝাঁঝালো কণ্ঠস্বরের বাক্যবাণ
যা আমাকে সমর্থ করবে
দৃঢ়ভাবে দাঁড়াতে মাতৃভূমিতে;
ধনি আর দরিদ্রের পার্থক্য ঘোচাতে,
ছাদহীন আকাশের তলার ছিন্নবস্ত্র
বেআব্রু যুবতীর সম্ভ্রম বাঁচাতে!
সুষম বণ্টনের অধিকার আদায়ের মিছিলে
তোমার অগ্রণী ভূমিকা আজও সর্বজনবিদিত,
মানুষে মানুষে সামাজিক, আর্থিক
ও ধর্মের গোঁড়ামি ঘোচাতে,
তোমার সেই বজ্রকণ্ঠের আহ্বান
আজও বহমান চাই আমার এই মাতৃভূমিতে।
আমার বঙ্গভূমে প্রাচীন এক ভাষা ছিল
যে ভাষার সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল,
ঐতিহ্য ছিল আর আমরা ছিলাম ঐতিহ্যবান
সে যে আমার প্রিয় মাতৃভাষা, আমার প্রাণ।
আপন ভাষায় আমার পুরানো সুর ছিল
রাখালের বাঁশিতে, মাঝির ভাটিয়ালী গানে,
গাড়িয়ালের দেহাতী ভাওয়াইয়া সুরে
যা আজো বহমান তেপান্তরের মাঠ পেরিয়ে
গ্রামের ঘুমটা পড়া বালিকাবঁধূর মনের গহীনে।
বায়ান্নের কিশোর বর্ণমালা আজ
পাঁচ ষাটের বৃদ্ধ
আবার তাকে ঘিরে ধরেছে অপসংস্কৃতির কুৎসিৎ ভাষা
যা বিভীষণদের কাছে অতি সমৃদ্ধ
হে সংস্কৃতিবান, প্রগতির অনুসারী প্রতিবাদী তারুণ্য,
মাতৃভাষাকে কলুষমুক্ত রাখাই তোমার একমাত্র ব্রত,
জাগরিত হোক তোমার সকল সাংস্কৃতিক গুণাবলী,
প্রগতিশীলতায় জেগে উঠুক তোমার তারুণ্য
তোমার প্রচেষ্টায় নির্মল হোক, বিশুদ্ধ হোক মাতৃভাষা
এটাই আমার একান্ত চাওয়া আমার অমর একুশের গান।


