কুমার সৌরভ
বৃক্ষকে উপেক্ষার পর একটি পাতার আরাধনায়
কাটাবে কাল? পরাগের জীবন লুকিয়ে মাটির রসে
এই সারতত্ত্ব ভুলে?
অন্ধের হাতি দেখার মতো করে নিজস্ব কল্পনায়
তুমি যাকে করে তোল মহিমায় মহান
তার হিংস্র নখের আঘাতে রক্তাক্ত অগুনতি
মানুষ দেখ চোখে অনল জ্বেলে রয়েছে
এখানে ওখানে সর্বত্র
তুমি পুড়ে ছাড়খার হবে রোষের আগুনে।
ছদ্মবেশ ধরে প্রতারক
সুখ কাড়ে জগতের
ব্যাংকের ভোল্ট থেকে মুদ্রার ভা-ার লুটে
বনে দানবীর কপালে ঘষে সমাজসেবার তিলক
খুদকুড়ো ছিটিয়ে আনে উমেদার বেশুমার
গণতন্ত্রের গীত গেয়ে কিনে নেয় ক্ষমতার মাঁচা
পড়ে আছো কোন গুহায় আঁধারের অন্ধকারে
জীবনের মূলমন্ত্র তালা মারে ভয়াল প্রহরী
এখানে বিমর্ষ হয় শুভ্রকান্তি প্রহরে প্রহরে
বিষন্নতার আয়োজন আলোচনার টেবিলে
এখানে এই বিকেলে লোল পড়া এক হতশ্রী মুখ
চেয়ে আছে ক্রোড়তার হাসি ফুটিয়ে।
০৯.০২.২০১৭


