একাত্তরের নায়কেরা-আমজাদ হোসেন

কুমার সৌরভ
মঙ্গলবার  ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নীব জন্য সরকারি বন্ধ। আমি তৃণমূল মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করার জন্য যে তালিকা তৈরি করেছি সেখানে মঙ্গলবারের জন্য কারও সিডিউল নেই। অর্থাৎ একটি দিন  বৃথাই নষ্ট হচ্ছে। এই কারণে সোমবার রাতে বন্ধুবর মোরশেদ ভাই (ডা. মোরশেদ আলম) এর কাছে কথাচ্ছলে জানতে চাইলাম  আমার উদ্দীষ্ট কোন বীর মুক্তিযোদ্ধার সাথে মঙ্গলবার যোগাযোগ করিয়ে দিতে পারবেন কিনা। একটুখানি ভেবে আমজাদ হোসেনের নাম বললেন তিনি। বললেন, আমজাদ ভাই সাহসী যোদ্ধা ছিলেন। তাঁর বাড়িও কাছেই। ইব্রাহিমপুরের কান্ধারবাড়ি। উনার কাছে যেতে পারেন। তথ্য পেয়েই ফোন দিলাম সাংবাদিক আাকরাম উদ্দিনকে। কারণ আকরাম সাহেবের বাড়িও ইব্রাহিমপুরে। আমজাদ হোসেনের বাড়ি যাওয়ার পথঘাট জেনে নিয়ে ফোন দিলাম আমার এই কাজের অনুপ্রেরণাদায়ী মালেক পীরকে। বললাম, কাল সকালে প্রোগ্রাম রয়েছে, আপনি আর কোন সিডিউল রাখবেন না। তথাস্তু বলে সায় দিলেন মালেক ভাই।
শহরতলির ইব্রাহিমপুর গ্রামটি যুদ্ধকালীন          ২য় পৃষ্ঠায় দেখুন
(প্রথম পৃষ্ঠার পর)
সুনামগঞ্জের জন্য নানাভাবে স্মরণীয়। পাকবাহিনি কর্তৃক শহর দখলের পর মুক্তিযুদ্ধ সংগঠক ও মুক্তিযোদ্ধারা প্রথমে এই গ্রামেই আশ্রয় নেন। এই গ্রামের অন্তত ১৮ থেকে ২০ ব্যক্তি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। যে কারণে পাকবাহিনির আক্রোশ ছিলো গ্রামটির উপর। পাকবাহিনি এই আক্রোশ থেকেই ইব্রাহিমপুর গ্রামে অগ্নিসংযোগ করে নির্বিচারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিয়েছিল শতাধিক বাড়ি-ঘর। সুতরাং ইব্রাহিমপুরের একজন বীর মুক্তিযোদ্ধাকে ইন্টারভিউ করতে পারব, এইটি আমার একটি খুশির কারণও হয়ে উঠে।  
মঙ্গলবার সকালেই পুরাতন জেলরোড দিয়ে ফেরি পেরিয়ে চলে আসলাম ইব্রাহিমপুর ঘাটে। ফেরি থেকে নেমেই মালেক ভাইর নজরে পড়ে গেলেন আমজাদ হোসেন। তিনি শহরে আসার জন্য তখন ফেরিতে উঠতে যাচ্ছিলেন। মালেক ভাই তাকে দেখেই বললেন- আমজাদ ভাই আমরানু তোমার ইখানো আইছিবা। আমজাদ ভাই বুঝলেন না, সম্ভবত প্রথমেই বুঝতে পারেননি মালেক ভাই কি বলতে চাইছেন। তিনি ফেরিতে উঠার জন্য পা বাড়ালেন। এবার মালেক ভাই আবারও তাকে একই কথা বললেন। আমজাদ ভাইর তাড়া ছিল শহরে এসে বাজার করার। মালেক ভাই অনেকটা জোর করেই তাঁকে নিয়ে উঠে গেলেন সড়কে। আমি ভাবলাম, তীরে এসে তরী ডুবার উপক্রম হয়েছিলো আর কি। আর এক ফেরি পরে আসলেই মঙ্গলবার দিনটি নিষ্কর্মা কাটাতে হতো।
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পড়নে লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি। এই পড়ন্ত বয়সেই তাঁর গায়ের ধবধবে ফরসা রঙ আর চেহারার কমনীয়তা বলে দেয়  যৌবনে তিনি কতোটা উজ্জ্বল আর সুশ্রী ছিলেন। অসুখে আক্রান্ত এখন। হাতে লাঠি নিয়ে চলাফেরা করতে হয়। স্ট্রোক হয়ে গেছে একবার। শরীরের বাম দিকে শক্তি পান কম। লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে তিনি হাঁটছিলেন ইব্রাহিমপুরের রাস্তা ধরে, স্কুল পেরিয়ে হাতের ডানদিকে গ্রামের পাকা সড়ক শেষ করে কাঁচা রাস্তা ধরে হাঁটছি আমরা। বেশ দূর যাওয়ার পর একটি বাড়ির ছোট একটি ঘরের সামনে থামলেন আমজাদ ভাই। টিনের বেড়া আর চাল দেয়া ছোট্ট একটি ঘর। মেঝে মাটির। এটিই আমজাদ হোসেনের বসতঘর। উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ির এক চিলতে জায়গায় বানানো নিজের একটুখানি শান্তির আবাস। বারান্দায় উঠলাম আমরা। ভাবী চেয়ার এনে দিলেন। পাশের ঘরের ছোট ছোট ছেলে মেয়েগুলো অবাক দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে তখন। একটি দল চলেও আসল আমাদের কাছাকাছি। তাদের চোখে-মুখে কৌতুহল। মালেক ভাই তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যাউগিরেবা, আমরারে একটু এখলা তাকতে দেও রে বাবা অখল। বালক দল অপসৃত  হলো দ্রুতই।
আমি নোট খাতা আর কলম হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেলাম। একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ কাহিনির স্মৃতিকথা টুকটাক নোট করার জন্য। সমস্যা হচ্ছে ৪৫ বছর আগের যুদ্ধ কাহিনি বিস্তারিতভাবে টুকিটাকি নির্ভুল বর্ণনাসহ যে কারও পক্ষে বলা এখন প্রায় অসম্ভব। তার পরে মুক্তিযোদ্ধারা এখন বয়সের ভারে আক্রান্ত। বিশেষ করে তৃণমূলের যোদ্ধা যারা, যারা অসম্ভব দেশপ্রেমের কারণে যুদ্ধে অংশ নিয়েছেন এবং যুদ্ধ শেষ হওয়ার পর আবারও সাবেকি সাধারণ জীবনে ফিরে গেছেন তাদের কাছ থেকে তথ্য বের করা বেশ কঠিন। কিন্তু আমরা চাচ্ছিলাম যতটুকু সম্ভব তাঁদের মুখ থেকে জানার। কারণ এর ফলে মোটাদাগে অনেক সত্য সামনে নিয়ে আসা সম্ভব।  এখানে অতিকথন কিংবা অতিরঞ্জনের সম্ভাবনাও কম থাকে। আর স্মৃতির ঝাঁপি খুলতে মালেক পীর অসম্ভব ভাবে পারঙ্গম। তিনি ছিন্ন সূত্রকে জোরা লাগাতে ওস্তাদ। আমজাদ ভাই বলছিলেন, মালেক ভাই মাঝে মাঝে তাকে সূত্র ধরিয়ে দিচ্ছিলেন। আমি নোট নিচ্ছিলাম। এভাবেই এগোতে থাকে এক মুক্তিযোদ্ধার যুদ্ধ জীবনের স্মৃতিচারণ। এরই মাঝে ভাবী চা ও মুড়ি দিয়ে গেলেন। হালকা শীতের সকালে চা সহযোগে টাটকা ও মচমচে মুড়ি আমাদের আদি ও অনাবিল গ্রামীণ জীবনের সরলতার মাঝে নিয়ে গেলো যেন।
জাতীয় পরিচয়পত্র অনুসারে আমজাদ হোসেনের জন্ম তারিখ ২০ মে ১৯৪৭। তার মানে বর্তমানে ৬৯ বছর বয়সী এই ব্যক্তিটির জন্ম বৃটিশ শাসনের একেবারে শেষ ভাগে। তার জন্মের তিন মাসের মাথায় যে পাকিস্তান রাষ্ট্রের অভ্যূদয় ঘটেছিলো সেই রাষ্ট্রটির শোষণ বঞ্চনার বিরুদ্ধে রাষ্ট্রের অন্তর্গত আরেকটি ভূখ-কে স্বাধীন করতে তাকেই অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিলো। অর্থাৎ  যে অলীক স্বপ্ন দেখিয়ে বিকলাঙ্গ পাকিস্তান রাষ্ট্রের জন্ম ঘটেছিল তার জন্মের অব্যবহিত পরে, সেই রাষ্ট্রকাঠামোটির চরম ব্যর্থতা ও অসাঢ়তার চূড়ান্ত প্রকাশ ঘটে যায় তার যৌবনকালের মধ্যেই। টগবগে যৌবনের অপ্রতিরোধ্য ¯্রােতের বিদ্রোহে ভেসে গিয়ে একটি স্বাধীন ভূখ-ের অগণন কারিগরের একজন হয়ে উঠতে আমজাদ হোসেনকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। বাস্তবতাই তাঁকে নিয়ে গেছে যথাস্থানে। যে পাকিস্তান রাষ্ট্র তাকে আনসার প্রশিক্ষণের মাধ্যমে আধা সামরিক ব্যক্তিতে পরিণত করেছিল সেই প্রশিক্ষণকে পাকিস্তানের বিরুদ্ধে কাজে লাগাতে তার বিন্দুমাত্র মর্মপীড়ায় ভোগতে হয়নি। কারণ এ যে লাঞ্ছিত মাতৃভূমির শরীর থেকে কলঙ্ক মুচনের এক মহান দায়িত্ব হয়ে গিয়েছিলো সকল বাঙালি যুবক-তরুণের জন্য।
বলা হয়ে গেছে আমজাদ হোসেন ছিলেন আনসার প্রশিক্ষণপ্রাপ্ত। আর বলাই বাহুল্য, সুনামগঞ্জের প্রথম প্রতিরোধটি ঘটেছিলো এই আনসার বাহিনির হাত ধরেই।
(চলবে)