একাত্তরের নায়কেরা-মালু মিয়া

কুমার সৌরভ
শনিবার ২৬ নভেম্বর খাগুরার মুক্তিযোদ্ধা ছলিম উল্লার বাড়ি থেকে ফিরে শহরে এসে অভ্যাসবশত মধ্যবিত্তে ঢু মারি। সেখানে দেখা খসরু ভাইর (মুক্তিযোদ্ধা-লেখক আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু) সাথে। তিনি জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসলাম। বললাম। তিনি জানতে চাইলেন, কী ধরনের লিখা লিখছ? ‘কারেকটার বেইজড’ আমি বললাম। খসরু ভাই তখন মালু মিয়ার কথা বললেন। বললেন, মালু মিয়াকে ইন্টারভিউ কর। বহু কাহিনি পাবে। মালু মিয়াকে খবর দিলেন তিনিই। তাঁর খবর পেয়ে মালু মিয়া বৃহস্পতিবার ০১ ডিসেম্বর সন্ধ্যার পর শহরে আসলেন। ছোট ছেলেকে সাথে নিয়ে। মুখোমুখি হলাম এক অশীতিপর বৃদ্ধের সাথে আমি আর মালেক পীর। টানা চার ঘণ্টা কথা বলেও তার যুদ্ধের কাহিনি শেষ হয় না। আমার ও মালেক ভাইর বাসায় ফেরার তাড়া। তাই শেষ দিকে কাহিনির ডিটলসে না গিয়ে শুধু টাচ দিয়ে গেলাম। চার ঘণ্টার এই আলোচনার নির্যাসই এই লেখা। মুক্তিযোদ্ধা মালু মিয়ার কথা।
মালু মিয়ার কাছে বয়সের কথা জানতেই অবলীলায় বললেন ৯০ বছর। চেহারার ভাজ ও শরীরের কাঠামো দেখে তাঁকে যথেষ্ট বয়স্কই মনে হলো। তার মানে ৪৫ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বয়স যদি পাঁচবছর কমও হয়ে থাকে তাহলেও মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিলো ৪০ বছর। বয়সের ভারে ন্যুজ্ব হলেও তেজ তাঁর এতোটুকু কমেনি। প্রতিটি ঘটনার বর্ণনা দিতে চাইছিলেন বিস্তারিতভাবে, গল্পের মতো। কিন্তু আমরা মাঝে মাঝেই তাঁকে থামাই। ব্রেক ধরার মতো। তখন তিনি হাতের লাঠিটি যা তার নিজেরই বানানো, রাইফেলের বাট আকৃতির হাতল বিশিষ্ট সেই লাঠি উঁচিয়ে বলেন, সবকিছু না বললে বুঝবাইন কেমনে? আমরা হাসি তাঁর তেজ আর মনোবল দেখে।
মালু মিয়ার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দা গ্রামে। সুরমা ইউনিয়নে ওই গ্রাম। সুরমা পেরিয়ে বেলাবরহাটির কাছেই। গ্রামের অধিকাংশ লোকই বহিরাগত। কৃষি জমি আবাদের উদ্দেশ্যে যারা উনিশ শতকের ত্রিশ চল্লিশ দশক কিংবা তারও আগে অত্রাঞ্চলে বসতি স্থাপন করেন মালু মিয়া তাদেরই একজন। তাঁর পিতা মরহুম রহিম উদ্দিন ৮৭ বছর আগে কুমিল্লা জেলার মতলব উপজেলার সাপুর থেকে এখানে বসতি স্থাপন করেছিলেন। মালু মিয়া নিতান্তই শিশু তখন।
খসরু ভাইর মুখে শুনেছিলোম মালু মিয়া দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে বহু অপারেশন করছেন। দুই দুইবার যুদ্ধক্ষেত্রে আহত হয়েছেন। শহরে পাকবাহিনির সাথে লড়াকু জনতার প্রথম প্রতিরোধে মালু মিয়া ছিলেন রাইফেল হাতে। কিন্তু তিনি ছিলেন প্রায় নিরক্ষর। এত শৌর্য্য-বীর্য কোথায় পেলেন তিনি? এর উত্তর জানতে ব্যক্তির জীবন পাঠ করা আবশ্যক হয়ে পড়ে। তাই মুক্তিযোদ্ধা মালু মিয়াকে জানতে আমাদের প্রবেশ করতে হয় তাঁর জীবনের সূচনালগ্নে।  মালু মিয়া প্রথম জীবনে সুতায় রঙ দেয়ার কাজ করতেন কুমিল্লায়। এর পর ঢাকেশ্বরী কাপড় মিলে চাকুরি করেছেন বছর সাতেক। এরপর আসেন বাড়িতে। তখনই ঘটে তার জীবনের মোড় ফেরানো সেই ঘটনা যা তাকে এখনও প্রতিক্ষণ দুঃস্বপ্নের মতো তাড়া করে।
কুড়–তলার মরম ডাকাতের পাল্লায় পড়ে এসময় মালু মিয়া নাম লেখান ডাকাত দলে। মরম মিয়ার ছিলো ১৫ জনের দুর্ধর্ষ ডাকাত দল। মালু মিয়া ওই দলের কনিষ্ট সদস্য। হাতে তুলে নিলেন কাটা বন্দুক। বন্দুক কীভাবে চালাতে হয় শিখিয়ে দিলেন সর্দার মরম। তিন বছর ঘৃণ্য এই কাজে নিয়োজিত ছিলেন তিনি। ডাকাতি করেছেন বিভিন্ন জায়গায়। ধরা পড়েন নি কোথাও। ডাকাতির জীবন ভিতরে ভিতরে কুড়ে খাচ্ছিল তাঁকে। ভীষণ অনুতাপে দগ্ধ হতেন নিরবে। এক রাতে স্বপ্ন দেখেন তার মরহুম বাবা ধমক দিয়ে বলছেন তাকে, এই মালু এসব কী করছিস তুই? মানুষের অভিশাপে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি তুই। ছেড়ে দে বাবা এসব পাপের কাজ। বাবার স্বপ্নাদেশ মালু মিয়াকে নাড়া দেয় ভীষণভাবে। ছেড়ে দিলেন ডাকাতি। অভিশাপ থেকে মুক্ত হতে পেরে মালু মিয়ার মনেও নেমে আসে শান্তি।
ডাকাতি তো ছাড়লেন এবার করবেন কী। আনসার ক্যাম্পে যোগ দিয়ে ট্রেনিংয়ে গেলেন। ৯ দিন ট্রেনিংয়ের মাথায় কঠিন ডায়রিয়ায় আক্রান্ত হলেন। ট্রেনিং আর শেষ করা হলো না। ফিরে এলেন বালিকান্দা। টুকটাক মিস্ত্রির কাজ জানা ছিলো। ওই বিদ্যা সম্বল কলেই লেগে পড়লেন কাঠ মিস্ত্রির কাজে। মানুষের বাড়ি বাড়ি যেয়ে ঘরের কাজ আসবাবপত্র তৈরির কাজ করে সংসার চালানো শুরু করলেন। পরিশ্রম ও হালাল রুজির জীবনে ফিরে তার তখন প্রচুর আনন্দ তার। একসময় বাড়িতেই আসবাবপত্র বানিয়ে বিক্রি করা শুরু করলেন। এভাবেই সুখে শান্তিতে চলছিল মালু মিয়ার শ্রমিক জীবন। নির্ঝঞ্ঝাট।
এরই মাঝে ঝড়ের পূর্বাভাস এলো। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের পক্ষে প্রচার কাজে নিয়োজিত হলেন যুবক মালু মিয়া। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েও যখন ক্ষমতায় যেতে পারলো না তখন অন্য অনেকের মতো মালু মিয়াও বুঝে গেলেন যুদ্ধ ভিন্ন স্বাধীনতা ছাড়া আর দ্বিতীয় কোন পথ নেই।
২৫ মার্চ ঢাকায় গণহত্যা আর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পরই সুনামগঞ্জে চলে আসে এক জীপ পাক আর্মি। অবস্থান নেয় শহরের পুরাতন সার্কিট হাউসে। স্থানীয় মুক্তিপাগল জনতা পাক আর্মিদের প্রতিরোধে সংঘবদ্ধ হয়। প্রতিরোধে যোগ দেয় ইপিআর ও আনসার। নদীর উত্তর পাড় থেকে দলে দলে শহরে ঢুকেন স্বাধীনতার স্বপ্নে বিভোর মুক্তিকামী জনতা। মালু মিয়াও সেই দলে ছিলেন। ২৮ মার্চ ১৯৭১। সুরমা পেরিয়ে শহরে ঢুকেই মালু মিয়া দেখা পেলেন বালিকান্দির আনসার দানুর বাপের (নাম মনে করতে পারেননি তিনি) সাথে। দানুর বাপের হাতে দুইখানি রাইফেল। মালু মিয়া তাকে বললেন, আমাকে দাও একটি। পাক আর্মি মেরে আসি। দানুর বাপ বললেন, তুমি রাইফেল চালাতে জান? মালু মিয়া বললেন, জানি। তখন দানুর বাপ মালু মিয়াকে একটি রাইফেল দিলেন। রাইফেল নিয়ে তিনি উকিলপাড়ার লম্বা বাসায় পজিসন নেন। সার্কিট হাউস লক্ষ্য করে গুলিও করেন । অন্যরাও গুলিবর্ষণ করে। ওখানে থেকে সুবিধা হবে না মনে করে মালু মিয়া লম্বা বাসা ছেড়ে চলেন আসেন গার্লস স্কুলে। একটি কক্ষে দেখতে পান আনসার কমান্ডার আবুল হোসেন রয়েছেন, তার হাতেও রাইফেল। আবুল হোসেন ঘরের জানালার গ্লাস ভেঙে সার্কিট হাউসের দিকে গুলি করার জন্য তখন পজিসন নিচ্ছেলেন।  মালু মিয়াও ঢুকে গেলেন ওই কক্ষে। আবুল হোসেন যখন গুলি করার নিশানা করছিলেন তখনই পাক আর্মির একটি গুলি এসে বিদ্ধ হয় তার মাথায়। ছিটকে মগজ বেরিয়ে আসে আবুল হোসেনের। লুটিয়ে পড়েন মেঝেতে। স্বাধীনতার বেদীমূলে ওই দিনের এবং সুনামগঞ্জের দ্বিতীয় শহীদ হিসাবে আত্মাহুতি দিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। আবুল হোসেন গুলিবিদ্ধ হওয়ায় মালু মিয়া বুঝে গেলেন গার্লস স্কুল পাক আর্মির লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। ওখানে থাকা নিরাপদ হবে না। তিনি আবারও লম্বাবাসার অবস্থানে ফিরে আসেন। বিকেলে বাড়ি ফিরেন তিনি। ২৯ মার্চ পার্ক আর্মির পলায়নের খবর পেলেন বাড়িতে বসেই।
বেশ কিছুদিন গেল নিরিবিলি। এরই মাঝে একদিন শুনলেন পাক আর্মি আবার শহরে এসে ঘাটি গেঁড়েছে। তাদের একটি দল নাকি সুরমা নদী পেরিয়ে কৃষ্ণতলায় অবস্থান নিয়েছে। (চলবে)