একাত্তরের নায়কেরা-সাধন ভদ্র

কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
কখনও শত্রুর হাতে ধরা পড়তে দিবে না। ধরা পড়লে শত্রুপক্ষ তার কাছ থেকে মূল্যবান তথ্য হাতিয়ে নিবে। আর শিখিয়ে দেয়া হয়েছিল এই যুদ্ধে ভারতের সংশ্লিষ্টতার কথা সর্বাবস্থায় গোপন রাখতে হবে। কারণ এটি প্রকাশ হয়ে গেলে আন্তর্জাতিক চাপে পড়ে যাবে ভারত।  
এখন যুদ্ধক্ষেত্রে আসার পালা। শিলং ক্যান্টনম্যান্টে হাতিয়ার বিতরণ করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের। সাধনভদ্রসহ মোট ৩০জনকে বিয়ানিবাজারের শামছুদ্দীন আহমদের নেতৃত্বে সেলা পাঠিয়ে দেয়া হয়। সেলা তখন একটি পৃথক সাব সেক্টর। সেলা থেকে দলটি পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে চলে আসল। সেখানেই অবস্থান করলেন তারা। পাথরঘাটা পৌঁছার দুই দিন পর ভারতীয় কর্নেল বখশি ও ক্যাপ্টেন চট্টোপধ্যায় মালেক পীরকে ডেকে পাঠান বিএসএফ ক্যাম্পে। মালেক পীরকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও ছাতক বাজার এলাকা রেকি করার দায়িত্ব দিলেন ভারতীয় কমান্ডার। এটি জানতেন না সাধন ভদ্র। তাই মালেক পীরকে সেদিন কী বলা হয়েছিলো তাও জানা ছিলো না তাঁর। বিষয়টি খোলাশা করলেন মালেক পীর স্বয়ং। মালেক পীর বলছিলেন, (প্রথম পৃষ্ঠার পর)
আমাকে সেদিন রেকি করার দায়িত্ব দিলে আমি চলে আসলাম সিমেন্ট ফ্যাক্টরি এলাকায়। সিমেন্ট ফ্যাক্টরিতে চাকুরি করতেন আমার এক আত্মীয়। তাঁর নাম শাহ নান্না মিয়া। আমি তার বাসায় উঠলাম। ইতোপূর্বে মুক্তিযোদ্ধাদের কোন ধরনের তৎপরতা ছিলো না বলে পাক বাহিনি তখন আমাকে সন্দেহ করে নি। রাতে খাওয়া দাওয়ার পর নান্না ভাই ফ্যাক্টরির ভিতরের বিভিন্ন স্থাপনার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন। তিনি ফ্যাক্টরির পাওয়ার স্টেশনে চাকুরি করতেন। রাতে বাসায় বসে একটি কাগজে ম্যাপ অঙ্কন করি আমরা দু’জন মিলে। পরদিন পাথরঘাটা ফিরে আসি সকালেই। ম্যাপটি কমান্ডারকে দিয়ে বিস্তারিত বর্ণনা করি। আমার দায়িত্ব শেষ। মালেক পীর থামলেন। ওনদিনে তাঁর কাহিনি ওই পর্যন্তই।
এদিকে ভারতীয় সেনা কর্মকর্তারা দুপুরে ডেকে পাঠান সাধন ভদ্রকে। সাধন ভদ্রকে ডেকে পাঠিয়ে বায়নোকোলার দিয়ে ছাতকের সিমেন্ট ফ্যাক্টরি দেখিয়ে ওখানে একটি গেরিলা অপারেশন পরিচালনার নির্দেশ দেন ভারতীয় সেনা কর্মকর্তাদ্বয়। তাঁকেই ওই অপারেশনের কমান্ডার নির্বাচিত করে ২০ জন সহযোদ্ধা নিয়ে রাতেই টার্গেটে পৌঁছে যেতে বললেন। সাথে দুইজন গাইড দেয়া হলো। সেলা সাব সেক্টরের প্রথম সামরিক অভিযানের প্রথম কমান্ডার তিনি। শিহরণ রোমাঞ্চ ও আবেগে কেঁপে উঠলেন। নির্দেশ পেয়ে ফিরে আসলেন নিজেদের অবস্থানে। সহযোদ্ধা বাছাই করে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গাইডের দেখানো পথে রাতের অন্ধকারে রওয়ানা হলেন। অপারেশন ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। বর্ষা মওসুম। বৃষ্টি হচ্ছে। ঘন অন্ধকার। অজানা এলাকা অচেনা পথঘাট। দুর্গম চলার পথ। কখনও জমির আইল, কখনও কোন গ্রামের পাশ দিয়ে কখনও খাল পেরিয়ে ছুটে যাচ্ছে অকুতোভয় একদল মুক্তিযোদ্ধা মাতৃভূমির অভ্যন্তরে শত্রুসেনাদের উপর আক্রমণ করার সংকল্প নিয়ে। কষ্ট হচ্ছে পথ চলতে। অদম্য দেশপ্রেম তাঁদের সামনে নিয়ে যাচ্ছে। সিমেন্ট ফ্যাক্টরির মাইল দেড়েক দূরত্বে পৌঁছার পর গাইড আর অগ্রসর হতে রাজি হচ্ছিল না। ফলে মুক্তিযোদ্ধাদের ওখানেই পজিসন নিতে হলো। দূরে উজ্জ্বল আলোয় আলোকিত সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছিল। ওখানে পাক বাহিনির শক্ত অবস্থান। সাধন ভদ্র পাক অবস্থান লক্ষ করে ফায়ার ওপেন করার নির্দেশ দিলেন। আচমকা গুলাগুলির শব্দ পেয়ে সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে অবস্থানরত পাক আর্মি ফ্যাক্টরির সবগুলো লাইট নিভিয়ে দিলো। এরপর শুরু করলো এলোপাতাড়ি গুলি বর্ষণ। মেশিনগান, মর্টার, এলএমজি ও রাইফেল সমস্ত আগ্নেয়াস্ত্র একসাথে আগুন ঝরাতে শুরু করলো । সাধন ভদ্র ভাবলেন তাদের অপারেশনের উদ্দেশ্য সফল। মূলত উদ্দেশ্যই ছিলো মুক্তিবাহিনির অবস্থান জানান দেয়া এবং পাকবাহিনিকে ভড়কে দেওয়া। কিছুক্ষণ পর ফায়ারিং বন্ধ করার নির্দেশ দিলেন তিনি। এবার দ্রুত নিরাপদে ক্যাম্পে ফিরতে হবে। ফিরতি পথ ধরে ভোরবেলা কালাটেক পৌঁছে গেলেন। দিনের আলো ফুটে উঠায় ওখানেই লুকিয়ে রইলেন এক বাড়িতে। পরে বিএসএফ এসে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এভাবেই শেষ হলো প্রথম গেরিলা অপারেশন।
সাধন দা যুদ্ধের স্মৃতিচারণ করছিলেন, সিমেন্ট ফ্যাক্টরি অপারেশন শেষ করার পর ক্যাম্প থেকে উধাও হয়ে গেলেন মালেক পীর। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর রটে গেল মালেক পীর পলায়ন করেছেন।  নিজ দলের একজন যোদ্ধার খুঁজ না পাওয়া দলনেতার দায়। এজন্য সামরিক শৃঙ্খলাবোধ অনুসারে শাস্তি অবধারিত। শাস্তি পেতে হলো সাধন দাকেও। তাঁকে নাকি সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকার শাস্তি দেয়া হয়েছিলো। মালেক পীর আমাদের সাথেই আছেন। তাঁকেই জিজ্ঞাসা করলাম খুঁজ না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করার। মালেক পীর বর্ণনা করলেন, ওই দিন আমাকে আবারও ডেকে নেন বিএসএফ কমান্ডার। বললেন, অপারেশনের পর পাক বাহিনির কী ধরনের ক্ষতি হয়েছে দেখে এসে রিপোর্ট করার। আদেশ পেয়ে তিনি রওয়ানা হলেন বটে। তবে সিমেন্ট ফ্যাক্টরির পথ বাদ দিয়ে সোজা সুনামগঞ্জের পথ ধরলেন তিনি। আবারও সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় যেতে ভীষণ ভয় হচ্ছিল তাঁর। প্রকৃত পক্ষে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নই করলেন মালেক পীর। তবে এই পলায়ন স্থায়ী নয়। পরে আবারও ঠিক চলে গেছেন রণক্ষেত্রে। দিরাইর টানাখালি বাজারে শামসুল হক (ইব্রাহীমপুর) এর কমান্ডে। শফিক চৌধুরী, যতীন্দ্র শর্মা, আবুল কালামও ছিলেন সেখানে। সে ভিন্ন প্রসঙ্গ। ভিন্ন প্রেক্ষাপট। সুযোগ হলে যথাসময়ে বলা যাবে। আপাতত আমরা সাধন দার দিকেই মনোযোগী হই।
সাধন ভদ্র পাথরঘাটা অবস্থান থেকে পরবর্তীতে আরও দুইটি অপারেশনে অংশ নিয়েছিলেন। এর একটি হচ্ছে টেংরাটিলা পাক অবস্থানে আক্রমণ ও রসরাই গ্রামের পাক বাংকার আক্রমণ। উভয় অপারেশনে শহীদ চৌধুরী ছিলেন কোম্পানি কমান্ডার, সাধন ভদ্র সেকেন্ড ইন কমান্ড। এরপর তাঁকে সরিয়ে নেয়া হলো পূর্ব বাংলাবাজারে অবস্থানরত শামসুদ্দীনের কোম্পানিতে।  প্রথমে ইদ্রিছ আলীর (পরবর্তীতে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত) নেতৃত্বে এক প্লাটুন ও সাধন ভদ্রের নেতৃত্বে আরেক প্লাটুন মুক্তিযোদ্ধা শামসুদ্দীন কোম্পানিতে যোগ দিলেন। পরে আরও প্লাটুন এসে যোগ দেয়। ওই অবস্থান থেকেই সিমেন্ট ফ্যাক্টরির বড় অপারেশনে অংশ নিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন হেলালের নেতৃত্বে মহব্বতপুর পাক আর্মি অবস্থানে আক্রমণ পরিচালনায় সাধন ভদ্র নিজ প্লাটুন সমেত অংশ নিয়েছিলেন এই পূর্ব বাংলাবাজার থেকেই।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পাকবাহিনি ছাতক ছাড়া শুরু করল। মুক্তিযোদ্ধারা তাঁদের পিছু পিছু ধাওয়া দিলো। গোবিন্দগঞ্জ এসে শক্ত অবস্থান গাঁড়ে পাক আর্মি। সেখানে বিভিন্ন দিক থেকে আগত মুক্তিযোদ্ধাদের আক্রমণে বিপর্যস্থ হয়ে পাক বাহিনি বিশ্বনাথ রাস্তা ধরে পলায়ন করার চেষ্টা করে। অপরাপর মুক্তিযোদ্ধা দলের সাথে পিছু পিছু ধাওয়া করতে করতে বিশ্বনাথ পর্যন্ত পৌঁছে যান সাধন ভদ্র নিজ দলসহ।
যুদ্ধ শেষ কমান্ডার সাধন ভদ্রের।  দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ফিরলেন নিজ বাসায়। দেখা হলো মা বাবা ভাই বোনের সাথে। আবেগে আপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। সবার চোখে তখন অশ্রুর বন্যা। জীবিত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে সকলেই ভীষণ খুশি।
ব্যক্তিগত জীবনে সাধন ভদ্র বিবাহিত। স্ত্রী মীতা ভদ্র গৃহিনী। ১ ছেলে ও ১ মেয়ে তাঁর। ছেলে সৌমিত্র ভদ্র শাওন বিবিএ শেষ সেমিস্টারের ছাত্র। মেয়ে সুস্মিতা ভদ্র এবার এইচএসসি পরীক্ষার্থী।
১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে বীর মুক্তিযোদ্ধা সাধন ভদ্রের সাথে আলোচনাই যাবতীয় তথ্যের উৎস। এই লেখায় অন্য কোন বই পুস্তকের সহায়তা নেয়া হয়নি।       (চলবে)