আকরাম উদ্দিন
স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ সদর উপজেলার বর্তমান সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দারা পাকহানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। একই দিনে মাত্র পৌনে ২ ঘন্টায় গ্রামের শতাধিক ঘর পুড়ে ভষ্ম করে দেয় সশস্ত্র পাকহানাদার বাহিনী।
এমন ঘটনায় গ্রামের অনেক বাসিন্দা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাননি তাঁরা। দেশ স্বাধীনের ৪৪ বছর পরও কেউ খোঁজ-খবর নেয়নি ক্ষতিগ্রস্তদের।
ঘটনার শুরু হয়েছে ১৯৭১ সালের ১২ই মে গভীর রাত থেকে। তখন বৈশাখী বোরো ধানের ফসল কাটা শেষ। ওইদিন গভীর রাতে হঠাৎ কয়েকজন মুক্তিযোদ্ধা ইব্রাহীমপুর গ্রামে আসেন। বিশেষ প্রয়োজন শেষে পুনরায় সস্থানে ফিরে যান তাঁরা। এভাবে আরও দুইদিন গভীর রাতে আসেন তাঁরা। মুক্তিবাহিনীরা ইব্রাহীমপুর আসা যাওয়ার খবর প্রতিনিয়ত পাকহানাদার বাহিনীর ক্যাম্পে আসে। তখন তাদের দোসররা ইব্রাহীমপুর এসে সাবধান করে দেয় গ্রামের বাসিন্দাদের এবং বলা হয়, এলাকায় যেন মুক্তিবাহিনীরা না আসে। অন্যথায় ভয়াবহ পরিণতি হবে। এমন ভয়ের খবর শোনেও গ্রামের বাসিন্দারা ভয় পাননি। কারণ এই গ্রামের এবং অন্যান্য এলাকার মুক্তিযোদ্ধারা দিনে ও রাতে আসা-যাওয়া করেন। পাকহানাদার বাহিনীর খবরাখবর সংগ্রহ করেন তাঁরা। তাদেরকে সহযোগিতা করেন গ্রামের বাসিন্দারা। পাক বাহিনীর নিষেধাজ্ঞা সত্বেও তৃতীয় রাতে আবারও আসেন মুক্তিবাহিনীর দল। ওইদিন গভীর রাতে ফিরে যাবার পথে সুরমা নদীরপাড়ে দাঁড়িয়ে শহরমুখি এলএমজি তাক করে মুক্তিযোদ্ধারা কয়েক রাউন্ড ফায়ার করেন। এই ফায়ারের শব্দে অন্যস্থানে থাকা মুক্তিবাহিনীর আরেকটি দলও ফায়ার শুরু করেন। পাল্টা আক্রমণ হিসাবে সাথে সাথে শহরের লঞ্চঘাট এলাকার নদীরপাড় থেকে মর্টারের গোলা ছুঁড়তে থাকে পাকহানাদার বাহিনী।
এই সময় শহরের নদীরপাড় এলাকায় ধোপাখালী থেকে শুরু করে তেঘরিয়ার আসামপাড়া পর্যন্তপাকহানাদার বাহিনীর অসংখ্য ব্যাংকার ছিল। এই ব্যাংকার থেকে প্রায়ই গুলি ছুঁড়তো পাকহানাদার বাহিনী। ওই রাতেও পাল্টা গুলি ছুঁড়ে তারা। কিছুক্ষণ পর আবারও নিরব হয়ে পড়ে সুরমা নদীর এপার অপার।
অগ্নি সংযোগের ঘটনা: ওইদিন সকাল পৌনে ১০টা। হঠাৎ সুরমা নদীর শহরের পাড় থেকে ¯পীডবোট করে সোজা চলে আসে পূর্ব ইব্রাহীমপুর গ্রামের মসজিদের নদীর ঘাটে। স্পীডবোটে একদল পাকহানাদার বাহিনী। স্পীডবোট পাড়ে ভিড়েই দ্রুত প্রবেশ করে পূর্ব ইব্রাহীমপুর গ্রামে। একটি বাড়িতে প্রবেশ করেই প্রথমে মিঞা হোসেন মিয়ার ঘরে গান পাউডার ছিটিয়ে দেয়। এরপর ঘরের মালিক মিঞা হোসেনকে পাকহানাদার বাহিনী বলে ঘরে আগুন জ্বেলে দেয়ার কথা। তখন মিঞা হোসেন আগুন জ্বেলে দিতে অনীহা প্রকাশ করেন। এই সময় পাক হানাদারবাহিনীর এক সদস্য রাগান্বিত হয়ে বেধরক মারধর করে মিঞা হোসেনকে। এরপর পাকহানাদার বাহিনী নিজেরাই আগুন ধরিয়ে দেয় বাড়ির বিভিন্ন ঘরে। এই ঘটনার পর পাকহানাদাররা ক্ষুদ্ধ হয়ে একই বাড়ির সাজিজুল মিয়া, ফজিজুল মিয়া, আবদুর রহমান, আজিজুল হক, আবদুর রশিদ, কদুর বাপ, শুকুর মিয়াসহ আরও অনেকের ঘর জ্বালিয়ে দেয় ।
পরে পাকহানাদার বাহিনী এদিন ইব্রাহিমপুরের গোলাপ মিয়া, আবু লেইস, হুছন আহমদ, কেচরা মিয়া, আসকির মিয়া, তছকির উদ্দিন, মছর উদ্দিন, মো. হুদা মিয়া, ছমছুল আহমদ, কুতুব মিয়া, নছর উদ্দিন, আপ্তর উদ্দিন, মাহতাব উদ্দিন, আলী আহমদের ঘরসহ আরও অনেকের ঘর জ্বালিয়ে দেয়।
একই পাড়ার পাশের বাড়ির ফজল আহমদ মাস্টার, জপই মিয়া, জায়ফর মিয়া, সিকন্দর মিয়া, সুরুজ আলীসহ আরও অনেকের ঘর পুড়ে ভষ্ম করে দেয় হিংস্র পাকিরা।
এরপর এই তারা তমিজ উল্লাহ, মহবুল্লাহ, আব্দুছ সাত্তারের ঘর পুড়িয়ে দেয়। ফরমুজ আলী, নুর আলী, ইসমাইল আলী, কলিম উদ্দিন ও আলী ফরিদ মাস্টারের ঘরেও আগুন ধরিয়ে দেয় তারা।
ইব্রাহীমপুর পশ্চিমপাড়ায় পাকহানাদার বাহিনী মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের ঘর পুড়িয়ে দেয়। এরপর ইছব আলী মিয়ার ৪টি ঘর, ইন্তাজ আলী, আরজ আলী, সিরাজ মিয়া, রহমত আলী (ওলু), কেরামত আলী, কেচরা মিয়াসহ আরও অনেকের ঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।
ইব্রাহীমপুর উত্তরপাড়ার জামিনী শুক্লবৈদ্য, কামিনী শুক্লবৈদ্য, সুধীর চন্দ্র শুক্লবৈদ্য (১), সুধীর চন্দ্র শুক্লবৈদ্য (২), সাধু দাস, সুরেন্দ্র চন্দ্র দাস, উপেন্দ্র দাস, সুভা চন্দ্র দাস, ধীরেন্দ্র দাস, বসন্ত চন্দ্র দাস, মন্টু দাস, নরেন্দ্র চন্দ্র দাসের ঘরও এদিন পুড়ানো হয়।
এরপর এলাকার আকলু মিয়া, আরজু মিয়া, মছদ্দর আলী, মুক্তিযোদ্ধা আনজু মিয়া, মুক্তিযোদ্ধা মনফর আলী, ইদ্রিছ আলী, তোতা মিয়া, গেদা মিয়া, সাদু মিয়া, রুশন মিয়া, আবদুছ সাত্তার, গেদা মিয়া, রশিদ মিয়া, ইছাক আলী, ইউনুছ আলী, হাতিম আলী, ইরফান আলী, ইশবাক আলী, মোহন মিয়া, মকবুল আলী, সিরাজ মিয়ার ঘর পুড়িয়ে ছাই করে দেয় পাক হানাদার বাহিনী।
পাকহানাদার বাহিনীরা এরপর মোশারফ হোসেন, সিরাজ মিয়া, বাদশা মিয়া, দিলাওয়ার মিয়া, মকবুল হোসেন, নাইওর মিয়া, নুর মিয়া, কাছন মিয়া, কোটি মিয়া, রেনু মিয়া, আতাউর রহমান, মতিন মিয়া, নজির মিয়া, রশিদ মিয়া, এবাদুর রহমান, শফি মিয়া, সৈয়দুর মিয়া, রজাক মিয়া, লিয়াকত মিয়া, কদ্দুছ মিয়া, মুকিত মিয়া ও তোতা মিয়ার ঘর পুড়ে ছাই করে দেয়।
এরপর মুক্তিযোদ্ধা সামছুল হক, জায়ফর আলী ও আব্দুল আজিজের ঘর পুড়িয়ে দেয়। বেলা সাড়ে ১১টার সময় পাকহানাদার বাহিনীর অগ্নি সংযোগের অভিযান শেষ করে ফিরে আসে শহরে। তাদের দোসররাও ফিরে আসে।
একই এলাকার আবদুল বাহারের ঘরও পুড়ে দেয়া হয়েছিল বলে এই প্রতিবেদকের কাজে দাবি জানান ছেলে সামছুদ্দীন (৫৪)।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য:
উঠোনে কাতার করে দাঁড় করানোর ৯ জনের মধ্যে সর্বকনিষ্ট একজন সোনা মিয়া (৬০)। শুধু তিনিই বেঁচে আছেন। সোনা মিয়া বলেন, ‘ঘরে অগ্নি সংযোগের আগে আমরা ১৩জন সদর উপজেলার রহমতপুর থেকে জিনিসপত্র নিতে আসি বাড়িতে। তখন সকাল সাড়ে ৯টা। তখন লঞ্চের শব্দ শুনতে পাই। এই সময় আমাদের সাথের সবাই দ্রুত ঘর থেকে মালামাল বের করতে থাকেন। এই সময় চার জন মাল নিয়ে নৌকায় তুলতে থাকেন। নিমিষেই আমরা ৯ জনকে হঠাৎ ঘিরে ফেলে পাকহানাদার বাহিনী। পরে গান পাউডার ¯েপ্র করে। এরপর আমাদের সাথের মিঞা হোসেন নামের একজনকে তার নিজ ঘরে আগুন লাগাতে বলে পাকহানাদাররা। তখন তিনি আগুন লাগাতে অনীহা প্রকাশ করলে তাকে বেধরক মারধর করে। এরপর তাকেসহ আমাদের ৯জনকে দাঁড় করায় উঠোনে। আমাদের মারার জন্য অস্ত্র তাক করে। এই মুহূর্তে পাকহানাদার বাহিনীর একজন হঠাৎ আমাদের সবাইকে ছেড়ে দেয়। তখন আমরা সবাই দৌঁড়ে পালাই। এরপর পাকহানাদার শুরু করে ঘরে ঘরে অগ্নি সংযোগ।’
পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা সাজাউর রহমান (৭০) বলেন, ‘যেদিন সকালে পাকহানাদার বাহিনী আমাদের গ্রামে আগুন দেয়, তখন আমি বাড়িতে ছিলাম। আমার সাথে সিরাজ মিয়া নামের আরও একজন ছিলেন। আমি গোসলের জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে যেতেই হঠাৎ স্পীডবোটের শব্দ পেয়ে আতঙ্কিত হই। তখন তাড়াতাড়ি করে দৌড়ে পালাই। পরে চোখের সামনে আমার বাড়ির ও অন্যান্য বাড়ির অনেক ঘর জ্বালিয়ে দেয় পাকহানাদার বাহিনী।’ এমন ঘটনার বর্ণনায় একমত পোষণ করেন একই গ্রামের বাসিন্দা আবদুশ শহীদ (৬৫), আমজদ আলী (৬০)সহ আরও অনেকে।
একই গ্রামের বাসিন্দা মো. সাবাজুর রহমান (৭৫) বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় গ্রামের অনেকের ঘর পুড়িয়ে দিয়েছে পাকহানাদার বাহিনী। এমন অগ্নি সংযোগের ঘটনা জেলার আর কোনো স্থানে ঘটেনি। অল্প সময়ের মধ্যে অসংখ্য ঘর পুড়িয়ে দেয় পাকহানাদার বাহিনী।’ এমন বক্তব্যে একমত পোষণ করেন আনোয়ার উদ্দিন (৬৭), মঙ্গল মিয়া (৬৪), রাশিদ আলী (৬০) আরও অনেকে।
ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা আবদুল বারিক (৭৬) বলেন, ‘গ্রামের ঘরগুলোতে অগ্নি সংযোগের সময় আমি বাড়ির পাশের জমিতে ছিলাম। তখন খলায় ধান শুকাচ্ছি। হঠাৎ খবর পেলাম গ্রামের অনেক ঘরে পাকহানাদার বাহিনী আগুন লাগিয়েছে। সাথে সাথে জমি থেকে বাড়িতে আসি। এসেই দেখি আমাদের বাড়ির সকল ঘরে আগুন দিয়েছে পাকহানাদার বাহিনী। এই আগুন দেখে দৌঁড়ে লুকাই কবরস্থানে গিয়ে। সেখান থেকে চেয়ে দেখি ধোঁয়ায় আচ্ছন্ন সারা গ্রাম। নিমিষেই শতাধিক ঘর পুড়িয়ে দেয় পাকহানাদার বাহিনী। এরপর আর কেউ খোঁজ নেননি বা ক্ষতিপূরণও দেয়ার ব্যবস্থা হয়নি।’ এমন ঘটনার বর্ণনায় একমত পোষণ করেন উমাচরণ দাস (৬৮) ও সোনালী মিয়া (৮৪)সহ আরও অনেকে।
একই এলাকার বাসিন্দা আরজু মিয়া (৮২) বলেন, ‘বাড়ির পাশে আমার দোকান ছিল। এই দোকানে মালামাল সাজিয়ে রাখছি, এমন সময় খবর পাই পাকহানাদার বাহিনী গ্রামে এসেছে। তারা ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করেও দোকান বন্ধ করতে পারিনি পাকহানাদার বাহিনী এসে আগুন ধরিয়ে দেয় আমার দোকানে। আমার চোখের সামনে দোকান পুড়ে ভষ্ম হয়ে যায়। এভাবে গ্রামের অনেক ঘর পুড়িয়ে দেয় পাকহানাদার বাহিনী।’ এমন বক্তব্যে সায় দেন একই এলাকার বাসিন্দা রেনূ মিয়া (৮২), আবদুল আজিজ (৮০)সহ আরও কয়েকজন।


