শাহ মীম
নদী তীরে বসা এক কাকাতুয়া পরানী
পিছনে কুচি পাথর আর বালির স্তূপ
যেন এক ছোটখাট পাহাড়
মাঝে নদী বয়ে চলে আপন বেগে
কথা নেই নদীর মুখে
যেমন কথা বলেন না বিধাতা পুরুষ
কথার মাঝে ঈশ্বর নেই
ঈশ্বরের মুখে কোন কথা নেই
কেবলই নিশ্চুপ, নিথর, নিশ্চল?
কাকাতুয়া পরানী বসা একাকী
কখন খেয়া আসে…
চুপচাপ বসে থাকা আর ভাবা
উঁকি দেয় বর্ণিল অতীত
অনেকটা সূর্যের মতো
ঢেকে দেওয়া মেঘের আড়াল থেকে
বেরিয়ে আসে দ্যুতি ছড়ায় চারদিকে
কাকাতুয়া পরানীর হিসাব এখনও অনেক বাকী
তবুও ভয় হয়
কখন কি জানি কি হয়
তাই নিজের কাছেই সে বিভোর
ভাবে পারঘাটাতে শুধু একাই বসে থাকা
আর খেয়ার অপেক্ষায় ধৈর্য ধরে
বসে থাকা কেবল একা…


