এক উজ্জ্বলতম জ্যোতিষ্কের কক্ষচ্যুতি

হোসেন তওফিক চৌধুরী
রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বলতম জ্যোতিষ্কের কক্ষচ্যুতি হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিন সেনগুপ্তের মৃত্যুতে ইতিহাসের এক উজ্জ্বলতম অধ্যায়ের যবনিকাপাত হলো। সুরঞ্জিত সেনগুপ্ত মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় রাজনৈতিক অঙ্গনে যে অনন্য অবদান রেখেছেন তাতে তাঁর নাম যুগ যুগ ধরে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। তুখোড় পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জের দিরাই-শাল্লা সংসদীয় আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিবারই তিনি সংসদ সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের প্রথম গণপরিষদে তিনি একাই বিরোধী দলের ভূমিকা পালন করেন। প্রতিটি বিল প্রণয়ন, বিল নিয়ে আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি একাই একশ’র ভূমিকা পালন করে দেশে বিদেশে একজন অভিজ্ঞ ও সাহসী পার্লামেন্টারিয়ান হিসাবে সুনাম, যশ ও খ্যাতি অর্জন করেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসাবে তখনকার তরুণ পার্লামেন্টারিয়ন সুরঞ্জিত সেনগুপ্ত বিশ্ব স্বীকৃতি লাভ করেন। সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাশন্যাল আওয়ামী পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি চিন্তা চেতনায় ছিলেন বামপন্থি। ১৯৭০ সালের নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে রাজনৈতিক উত্থান পতনে তিনি একতা পার্টি ও গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন এবং পরিশেষে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি এবং একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি দেশের মন্ত্রীসভায় রেল মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনি সভাপতি ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত একজন সুরসিক- সুবক্তা ছিলেন। অত্যন্ত জটিল বিষয়ও তিনি জনগণের কাছে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করতে পারতেন। তিনি মানুষের মনের কথা বুঝতেন এবং রুচিসম্মত বক্তব্য দিতে পটু ছিলেন। তাঁর স্বভাব সুলভ হাস্যরসাত্মক বক্তব্যে কাউকে ছাড় দিতেন না। সঠিক সময়ে সঠিক বক্তব্য উপস্থাপন করতেন। এজন্য তাঁকে অনেকেই কথার জাদুকর বলে অভিহিত করেছেন। সুনামগঞ্জে যেসব রাজনীতিবিদ সুনাম ও যশ অর্জন করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তাঁদের মধ্যে অন্যতম। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ তথা সারা জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হবার নয়। মৃত্যু জীবনের অনিবার্য পরিণতির নাম। কিন্তু মৃত্যুতে তাঁর স্মৃতি ও অবদান বিস্মৃত হবে না। তাঁর স্মৃতি ও অবদান মানুষের মনের মন্দিরে থাকবে। তিনি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত, বরণীয় ও স্মরণীয় হয়ে থাকবেন।
সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালের ৫ মে দিরাই উপজেলায় জন্মগুহণ করেন। তাঁর পিতা প্রয়াত দেবেন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে ল ডিগ্রি গ্রহণ করেন। এরপর তিনি আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে নিয়োজিত হন। তবে আইনের চেয়ে রাজনীতির দিকে বেশি সময় ব্যয় করেছেন। সুরঞ্জিত বাবুর পতœী ড. জয়া সেনগুপ্ত রাজনৈতিক কর্মী মহলে অত্যন্ত সুপরিচিত এবং ঢাকার একটি এনজিও প্রতিষ্ঠানে উচ্চপদস্থ পদে নিয়োজিত আছেন। সুরঞ্জিত বাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও গভীর। তিনি আমার সিনিয়র ছিলেন। দেশের প্রথম গণপরিষদে সংবিধান প্রণয়নে তিনি যখন যুক্তিসংগত বক্তব্য দিতেন তখন আমি সাংবাদিক ছিলাম। অধুনালুপ্ত দৈনিক পূর্বদেশ এর সাংবাদিক হিসাবে আমি সংসদ কাভার করতাম। তখন থেকে তাঁর সাথে আমার সম্পর্ক। এই সম্পর্ক তাঁর মৃত্যু পর্যন্ত অটুট ছিল।
লেখক: আইনজীবী ও কলামিস্ট।