ছাতক প্রতিনিধি
ছাতকে ভোটার তালিকায় নাম অন্য ওয়ার্ডে চলে যাওয়ায় এক মেম্বার প্রার্থী তার নিজ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার বিষয়ে জটিলতায় পড়েছেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে ভোটার তালিকায় তার নাম অন্য ওয়ার্ডে লিপিবদ্ধ হওয়ার বিষয়টি ধরা পড়ে।
উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকলপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আমিনের পুত্র সিদ্দেকুর রহমান মেম্বার পদে নির্বাচন করার জন্য ৫০০ টাকা দিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে সিডি ক্রয় এবং ১ হাজার টাকা নমিনি ফি জমা দেন। ৯ নভেম্বর নির্বাচনী ফরম ফিলাপের সময় ভোটার তালিকায় তার নাম খুঁজে পাচ্ছিলেন না। এসময় তিনি দেখতে পারেন তার নাম ৯নং ওয়ার্ডে লিপিবদ্ধ হয়েছে। যে তালিকায় তার এবং এবং তার মাতা-পিতার নাম সঠিক হলেও গ্রাম লিখা হয়েছে ভেরাজপুর, ভোটার নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বরও ভিন্ন। তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে কে বা কারা এ কাজটি করেছে বলে সিদ্দেকুর রহমান মনে করেন। রবিবার সকালে দিঘলী রহমানীয়া মহিলা দাখিল মাদ্রাসায় ওয়ার্ডবাসীর সভায় এ অভিযোগ করেন সিদ্দেকুর রহমান।
স্থানীয়রা জানান, ১৯৮৯ সাল থেকে ৭ নং ওয়ার্ডের বাসিন্দো হিসেবে সিদ্দেকুর রহমান প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার তালিকা অনুযায়ী ১৭৯ নং ভোটার হলেন চাকলপাড়া গ্রামের সিদ্দেকুর রহমান। সর্বশেষ ৩মার্চ কোভিড-১৯ এর টিকার কার্ডে তার ঠিকানায় ৭নং ওয়ার্ড উল্লেখ রয়েছে। রহস্যজনক কারণে সিদ্দেকুর রহমানের নাম ৯নং ওয়ার্ডে স্থানান্তরিত করার বিষয়টি আইনীভাবে মোকাবেলা করার ঘোষণা দেয়া হয় সভায়।
সভায় উপস্থিত হয়ে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, ভোটার স্থানান্তরের আইনী বৈধ কিছু প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যেখানে উভয় ওয়ার্ডের নির্বাচিত মেম্বারগণের সম্মতির প্রয়োজনীয়তা আবশ্যক। চেয়ারম্যান এতে প্রতিস্বাক্ষর করে থাকেন। সিদ্দেকুর রহমানের ভোটার স্থানান্তরের বিষয়টি ষড়যন্ত্রন্ত্রমূলক।
এ ছাড়া আলী আহমদ ও কমর আলী নামের দু’ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে। এসব বিষয়ে স্থানীয় নির্বাচন অফিস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি চাপ সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন।
এসময় সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, স্থানীয় সফিকুর রহমান, আব্দুল আমিন, সিদ্দেক আলী, গৌছ উদ্দিন, আজমল হোসেন, আব্দুস ছাত্তার, সমছুজ্জামান, আমিন উদ্দিনসহ ওয়ার্ডের রোকজন উপস্থিত ছিলেন।


