এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিয়েকে ‘না’ বলার উদ্যোগ-গিনেজবুকে তুলার চেষ্টা জেলা প্রশাসনের

বিন্দু তালুকদার
বাল্য বিয়েকে ‘না’ বলুন ও নারী নির্যাতন প্রতিরোধ করুন এই শ্লোগানে বাল্য বিবাহকে রেড কার্ড (লাল কার্ড) দেখিয়ে এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিবাহকে না বলার উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নির্দেশে জেলা-উপজেলা প্রশাসন, জেলা ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন।
জেলার সকল উপজেলাগুলোকে অনুষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এখন পুরো জেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করতে জেলা প্রশাসক এই উদ্যোগ হাতে নিয়েছেন।
স্কুল শিক্ষার্থীদের পরীক্ষার শেষ হওয়া পরপরই ১৬ ডিসেম্বরের পরে এই অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি চলছে। শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অথবা শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠানের দিন জেলা শহরে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এর আগে অনুষ্ঠানের সার্বিক বিষয়বস্তু প্রেস কনফারেন্স করে জানানো হবে।
রেড কার্ড প্রদর্শনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ সফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিভাগীয় কশিনার মো. জামাল উদ্দিন    আহমদ।
অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলে সারা পৃথিবীতে এই প্রথম সুনামগঞ্জে লাখো কণ্ঠে রেড কার্ড প্রদর্শনের বিষয়টিকে গিনেজ বুকে অন্তর্ভুক্তির জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। ব্যতিক্রর্মী এই অনুষ্ঠানের আয়োজক জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গিনেজ বুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রেড কার্ড (লাল কার্ড) প্রদর্শন অনুষ্ঠান এক সাথে জেলার সকল মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে কার্ড পাঠানো হয়েছে। লাল কার্ডে লিখা রয়েছে, ‘বাল্য বিবাহকে না বলুন ও নারী নির্যাতন প্রতিরোধ করুন’। এছাড়াও ওই কার্ডে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও থানার ওসির সরকারি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে।  যাতে কোথায় কোন শিশু ও কিশোরী বাল্য বিয়ে বা নির্যাতনের শিকার হলে প্রতিরোধ বা সহায়তার জন্য স্থানীয় ইউএনও, ভাইস চেয়ারম্যান ও থানার ওসির সহযোগিতা পেতে পারে।
জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য বলেন,‘ লাল কার্ড দেখিয়ে এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিয়েকে না বলতে জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত ও শ্রদ্ধা জানাই। ’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান বলেন,‘ইতোমধ্যে জেলার সকল উপজেলায় কার্ড পাঠানো হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়নের দিকে আমরা এগোচ্ছি। এই প্রথম সারা পৃথিবীতে এক সাথে রেড কার্ডের মাধ্যমে বাল্য বিয়েকে না করার ঘোষণার বিষয়টি অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলবে। তাই বিষয়টি গিনেজ বুকে অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ হচ্ছে। আমাদের আশা এই অনুষ্ঠানটি সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথেই হবে।’