দেশের মানুষের মধ্যে নতুন করে মেশিন রিডেবল জাতীয় পরিচয়পত্র বা এনআইডির স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। দেশের সকল নাগরিকের বায়োমেট্রিক তথ্য সম্বলিত জাতীয় তথ্যভান্ডার প্রণয়ন এবং সব নাগরিককে উন্নতমানের মেশিন রিডেবল পরিচয়পত্র সরবরাহ অবশ্যই একটি বড় আয়োজন। এটি শুরু হয়েছে, এখন ভালোভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।
জাতীয় পরিচয়পত্রের নকল ও জালিয়াতির সুযোগ বন্ধ করতে ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ উন্নতমানের পরিচয়পত্র বা স্মার্টকার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়। অধিকতর সুরক্ষিত এই স্মার্টকার্ডে কার্ডধারীর সব রকমের তথ্য সংরক্ষিত থাকছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুসারে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য একজন নাগরিকের বায়োমেট্রিক ফিচার যথা ১০ আঙুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, চোখের মণির ছবি, ডিএনএ, কণ্ঠস্বর ও স্বাক্ষর সংগ্রহ ও সংরক্ষণ করতে হচ্ছে। এ প্রক্রিয়ায় ১০ কোটি নাগরিককে স্মার্টকার্ড সরবরাহ করার কাজটি নিঃসন্দেহে জটিল ও সময়সাপেক্ষ। মেশিন রিডেবল জাতীয় পরিচয়পত্র নতুন করে বিতরণের সময় আগের অভিজ্ঞতা থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং তাড়াহুড়ো না করে সময় নিয়ে ধাপে ধাপে সম্পন্ন করাই হবে শ্রেয়।
নাগরিকদের ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পেতে এই কার্ড ব্যবহৃত হবে বলে জানা গেছে। কাজেই দেশের প্রতিটি নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিচয়পত্রের মাধ্যমে যে ডাটা ব্যাংক তৈরি হচ্ছে, তাও দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই ডাটাবেইস থেকে সহজে একজন নাগরিকের সর্বশেষ তথ্য জানা যাবে। জননিরাপত্তার জন্যই এই ডাটাবেইস থাকা এবং তা নির্ভুল হওয়া জরুরি। এই ডাটাবেইস ও স্মার্টকার্ডের মাধ্যমে নাগরিকদের অনেক সেবাপ্রাপ্তি সহজতর হবে। আবার অপরাধী শনাক্ত করতেও এই কার্ড যথেষ্ট সহায়ক হবে। বিগত কয়েক বছরে অবশ্য দেশবাসী জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন। নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহেও তারা নিশ্চয় উৎসাহী হবেন। তবে এই পরিচয়পত্র প্রাপ্তির প্রক্রিয়া যেন সহজ ও ভোগান্তিমুক্ত হয় এটা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। বিশেষ করে পরিচয়পত্রের তথ্য সংগ্রহের কাজটি সহজ ও নির্ভুল হতে হবে।
অন্যদিকে স্মার্টকার্ডের ডাটার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। স্মার্টকার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। স্মার্টকার্ডের ডাটার যেন কোনো অপব্যবহার না হয়, ডাটা ব্যবহার করে কেউ যেন কোনো অপরাধ ঘটাতে না পারে, সে জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে ডাটার সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা নিশ্চয়ই এ ব্যাপারটি বিশেষ গুরুত্বসহ বিবেচনা করবেন।

