বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে এই শিক্ষাবর্ষ থেকেই পাঠদান শুরু হচ্ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় গত শুক্রবার যারা অংশ নিয়েছেন, তাদের মধ্য থেকেই উত্তীর্ণ ৫০ জন এই মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হবেন। সদর উপজেলার কাঠইরে নির্মিতব্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর একাডেমিক ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নব নির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান চলবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব বদরুণ নাহার গেল বছরের ২৬ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে উল্লেখ করেছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জসহ ১৭ টি মেডিকেল কলেজে এবার ২৮২ টি আসন বাড়ানো হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৭ টি সরকারি মেডিকেল কলেজের তালিকায় শেষের নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর।
দক্ষিণ সুনামগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, আপাতত দক্ষিণ সুনামগঞ্জের নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ টি চারতলা স্টাফ কোয়ার্টার ভবনকে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ভবন এবং চারতলা হাসপাতাল ভবনকে একাডেমীক ভবন হিসাবে কাজে লাগানো হবে। এই কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বাসভবনকে মেডিকেল কলেজের অধ্যক্ষের বাসভবন হিসাবে ব্যবহার করা হবে ।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে (সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-শাল্লা-জামালগঞ্জ সড়ক মোড়ে) ৩৫ একর জমির উপর শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সুনামগঞ্জ’এর ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম।
মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১ শ’ ৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমেটরী, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত খাতে এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানী’র ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স নয় তলা একাডেমীক ভবনের কাজ করছে। এছাড়া এই মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ একাডেমিক ভবন, নার্সিং কলেজ হোস্টেল ভবন, জরুরি বিভাগের ডরমেটরী, স্টাফ নার্স ডরমেটরী পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা দুইটি এবং ৮০ কোটি টাকা ব্যয়ে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ৮ তলা ছাত্রাবাস ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ডক্টর ডরমেটরী এবং ইন্টার্নী ডক্টরদের ডরমেটরী ভবনের দরপত্র এখনো হয় নি।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন আহমদ বললেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অবকাঠামো নির্মাণ কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ তলা একাডেমীক ভবনের কাজ অনেকটা এগিয়েছে। যেহেতু শিক্ষার্থী ভর্তি পরীক্ষাও হয়ে গেছে, দ্রুত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছি আমরা। তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি দ্রুততার সঙ্গে সুনামগঞ্জবাসীর স্বপ্নের এই প্রতিষ্ঠানটির কাজ শেষ করার তাগিদ দিয়েছেন।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ‘র প্রকল্প পরিচালক ডা. শাজাহান কবীর চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি ৯ তলা একাডেমীক ভবনের কাজ ২০২২ সালের মধ্যে শেষ করতে। অন্যান্য ভবনের কাজ ২০২৪ সালের আগে শেষ করা যাবে না। করোনা ও বন্যার কারণে একাডেমীক ভবনের কাজ কিছুটা পিছিয়েছে।



