এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল ওয়াহিদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. দিলশাদ খান’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সকশিস সুনামগঞ্জ জেলার সভাপতি প্রভাষক মো. মশিউর রহমান, বাকবিশিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক আলমগীর হোসেন, মাদ্রাসা জেনারেল টিসার্চ অ্যাসোসিয়েশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, প্রভাষক মো. আলমগীর, রেজাউল হক ও জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। কিন্তু দীর্ঘ ২৮বছর পরও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন-যাপন করছেন সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক। অথচ উচ্চ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শুরু থেকেই শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি