স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাসভবনে হামলা ও ইটপাটকেল ছুড়ার ঘটটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত পাঁচজন আদালত থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোন থেকে জামিন পান সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, শহরের উত্তর আরপিননগরের মৃত ময়না মিয়ার ছেলে আহসান মিয়া (৪৫), আব্দুল ছহুরের ছেলে বশির মিয়া (৪২), হাবিব আলীর ছেলে মনির মিয়া (৩৮) ও তেঘরিয়ার তহিফুর চৌধুরীর ছেলে মো. বিলাল চৌধুরী (৫০)।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে শহরের মল্লিকপুর (পুলিশ লাইন্সের বিপরীতে) এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবন‘পায়েল পিউ’এ হামলার মামলায় পুলিশ সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, আহসান মিয়া (৪৫), বশির মিয়া (৪২), মনির মিয়া (৩৮) ও বিলাল চৌধুরী (৫০) কে গ্রেফতার করেছিল। আসামীদের জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে একদিনের রিমা-েও নিয়েছিল পুলিশ।
এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দাবি যুবলীগের নেতাকর্মী তাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলা চালিয়েছিল। তবে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল জানান, এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলার ঘটনার সাথে যুবলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। হামলা ও মামলার ঘটনাটি সাজানো।


