এলাকার চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমএ মান্নান স্থানীয় সরকার প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দেবার পক্ষে সরকার

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন,‘বহুমুখী উন্নয়নের ধারায় সম্পৃক্ত করে দক্ষিণ সুনামগঞ্জকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে চাই। এজন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আন্তরিকতা প্রয়োজন। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন। সরকার গ্রামের উন্নয়ন করতে চায়, গ্রামের উন্নয়ন করতে স্থানীয় সরকারকে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন,‘সরকার স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দেবার পক্ষে’।
শনিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের চেয়ারম্যানরা তাঁর ঢাকার বাসভবনে দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।
উপস্থিত চেয়ারম্যানবৃন্দ এসময় উন্নয়ন বিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নানের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে বলেন,‘আমরা জনগণকে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট সংগ্রহ করেছি, আপনার সহযোগিতা ও নেতৃত্বে জনপ্রত্যাশার প্রতিধ্বনি ঘটাতে চাই’।
সাক্ষাৎকালে উপজেলার জয়কলস ইউপি’র আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি’র স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিমপাগলা ইউপি’র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল হক, পাথারিয়া ইউপি’র বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম বীরগাঁওয়ের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত মিজানুর রহমান জিতু, পূর্ব বীরগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত নূর কালাম ও দরগাপাশার আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন উপস্থিত ছিলেন। নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।