ওবায়দুল কাদেরের সোজা সাপটা কথায় বোধোদয় ঘটুক

সোজা কথার মানুষ তিনি। রাখ-ঢাক করেন না। যা সত্য মনে করেন তাই বলেন অবলীলায়। একারণে তাঁকে নানা সময়ে সমালোচনার সন্মুখীন হতে হয়েছে। কিন্তু দমে যাবার পাত্র তিনি নন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতির মঞ্চে নিজের আসন পাকা করেছেন । সংগঠনে নিজের অপরিহার্যতা প্রমাণে হয়েছেন সফল। দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন সরকারের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। দলের সাথে জনসাধারণের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি ঘুচিয়ে দলকে নিয়ে যেতে চাইছেন মানুষের মনের ভিতরে। ২০১৯ সনের জাতীয় নির্বাচনকে টার্গেট করে তিনি মাঠ পর্যায়ে দল ও সরকারকে জনপ্রিয় করে তুলতে নিরন্তর পরিশ্রম করে চলেছেন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের নামকে যিনি ইতোমধ্যে ব্র্যান্ডে পরিণত করেছেন। তাঁর নামে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ভয় আর শ্রদ্ধার অভিমিশ্র অনুভূতি। দলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব গ্রহণ করার পর থেকেই তিনি চাছাচুলা কথা বলে নেতা-কর্মীদের অলসতা কাটিয়ে তুলতে অনবরত সাংগঠনিক কর্মসূচী পালন করে চলেছেন। তাঁর বেশ কিছু কথাবার্তা সর্বসাধারণের অন্তর ছুঁয়ে গেছে। সর্বশেষ গত বুধবার সিলেট মহানগরীতে সংগঠনের বিভাগীয় সম্মেলনে তিনি বেশ কিছু প্রণিধানযোগ্য কথা বলেছেন। তিনি বলেছেন, বিলবোর্ডে পাতিনেতা হয়ে যায় জাতীয় নেতা। তিনি দলীয় নেতাদের উদ্দেশ্য করে পরিষ্কার সত্য উচ্চারণ করেছেন, সরকারের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি তবে আমাদের কারো কারো আচরণে মানুষ অখুশী। আলেকজান্ডার মার্কা নেতার আওয়ামী লীগে কোন দরকার নেই বলে তিনি শ্লেষ ঝেড়েছেন। সর্বোপরি দল ও ব্যক্তির ইমেজ বাড়ানোর মধ্য দিয়ে সংগঠনকে জনপ্রিয় করতে তিনি আহ্বান জানান।
আমরা জানি না যাদের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলেছেন, সেই দলীয় নেতা-কর্মীরা  এতে কেমন সাড়া দিবেন। আশাবাদী হওয়ার কোন কারণ দেখি না। কারণ তৃণমূলের কিছু নেতাকর্মীর আচরণ দেখে মনে হয়, তারা ভাবছেন কাল কেয়ামত পর্যন্ত বোধ করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। কিছু নেতা লুটপাটের এমন রাজত্ব কায়েম করেছেন যে তারা রাতারাতি পৃথিবীর শীর্ষ বিত্তশালীদের তালিকাভুক্ত হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এইসব বেপরোয়া নেতা-কর্মীদের কারণে দল কতটুকু বিচ্ছিন্ন হচ্ছে জনসাধারণ থেকে সেই হিসাবকে এরা থোরাই কেয়ার করেন। দলকে যে পাঁচ বছর অন্তর অন্তর ভোট নামক পরীক্ষার সন্মুখীন হতে হবে এই বোধ নেই তাদের। ফলে ওবায়দুল কাদেরের কথার মতোই সরকারের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি হলেও দলের কিছু নেতা-কর্মীর প্রতি তীব্র অসন্তুষ্ট।  সংগঠন হলো সরকারের চালিকাশক্তি। নিজেদের কর্মকা-ের মধ্য দিয়ে দলের ইমেজ বাড়ানোর বদলে যদি দলকে অজনপ্রিয় করে তুলা হয় তাহলে নির্বাচনী পরীক্ষায় কেমন ফলাফল হতে পারে অতীতে এর বহু উদাহরণ রয়েছে। এই বিষয়টি কি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বুঝবেন?
জাতীয় ও আন্তর্জাতিক জটিল পরিস্থিতিতে দেশকে একইসাথে উন্নয়ন ও প্রগতিশীলতার পথে পরিচালিত করতে আওয়ামী লীগ ও এর দলীয় প্রধান শেখ হাসিনা নিরন্তর যে পরিশ্রম করে চলেছেন প্রচ- ঝুঁকি নিয়ে, সেখানে ছন্দপতন ঘটলে সমূহ সর্বনাশ হবে সকলের। তখন ওইসব সুবিধাভোগী নেতারা পালানোর পথ খুঁজে পাবেন না। কেউ যদি রঙ পালটে যখন তখন হয়ে যাওয়ার চিন্তা মাথায় রাখেন তাদের সেই মনোবাসনা কখনও পূরণ হবে না। এরকম অবস্থায় সংগঠন ও সরকারের ভাবমূর্তি উন্নয়নে দলের অভ্যন্তরে কঠোর নৈতিক লড়াই ও শুদ্ধিকরণ প্রয়োজন। দলীয় সাধারণ সম্পাদক প্রতিনিয়ত সেই তাগাদাই দিচ্ছেন। তাঁর কথার মর্ম উপলব্ধি করুন।