সিলেট অফিস
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা দিরাইয়ের এক প্রসূতি সোমবার সকাল থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ মিলেছে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
‘উধাও’ হওয়া এবং পরবর্তীতে খোঁজ মিলা ওই প্রসূতি হচ্ছেন রোজিনা বেগম (২৩)। তিনি দিরাই উপজেলার ফাতেমানগরের আফাজ উদ্দিনের স্ত্রী।
আফাজ উদ্দিন জানান, ওসমানী হাসপাতালের ১৫নং ওয়ার্ডের বি-১৬ নং বেডে ভর্তি হওয়ার পর রবিবার দিবাগত রাতে এক ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা। সোমবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রোজিনার। পুরো হাসপাতালে ও আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি।
বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে দায়িত্বরত পুলিশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায়ে সকাল ১১টা ২ মিনিটে নগরীর রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে খোঁজ পাওয়া যায় রোজিনার।
আফাজ উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী ঠিকমতো হাঁটতেও পারছেন না। হাসপাতালে থাকা কোনো দালালচক্র তাকে রাগীব-রাবেয়া হাসপাতালে নিয়ে যেতে পারে। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত এসআই ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


