সু.খবর ডেস্ক
ডেভিড ওয়ার্নারের হার না মানা ৯০ রানের ওপর ভর করে মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। ১৫ বল হাতে রেখে তিন উইকেটে ১৪৫ রান করে আইপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পায় হায়দ্রাবাদ। মুম্বাইয়ের দেয়া ১৪৩ রান তাড়া করতে নেমে শুরুর দিকে শিখর ধাওয়ানকে হারিয়ে প্রাথমিক ধাক্কা খায় হায়দ্রাবাদ। পরে হেনরিকস, মরগান ও হুদাকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
দলের সব ব্যাটসম্যান ছোট ছোট ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখলেও ওয়ার্নার ছিল বেশ মারমুখী। ৪২ বলে অর্ধশতক তোলার পর ওয়ার্নার আরও মারমুখি হয়ে উঠেন। অর্ধশতকের পর মাত্র ১৭ বল খেলে করেন পরের ৪০ রান। শেষ পর্যন্ত ৫৯ বলে ৯০ রানে অপরাজিত থাকা ওয়ার্নারের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।
মুম্বাইয়ের পক্ষে একাই তিন উইকেট নেন কিউই পেসার সাউদি।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ করে মুম্বাই। শুরুতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও পার্থিব প্যাটেল দলীয় ২৩ রানের মধ্যেই আউট হন। দলের রান ৪৩ এ রেখে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মাও।
পরে আমবাতি রাইডু ৫৪ ও কুরুনাল পান্ডে ৪৯ রান করে দলকে ১৪২ রানের পুঁজি এনে দেন। হায়দ্রাবাদের হয়ে ব্যারিন্ডার সরন তিনটি উইকেট নেন।
আজকের ম্যাচেও কাটার মাস্টার ছিলেন বেশ উজ্জ্বল। দলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে আক্রমণে আসেন ষষ্ট ওভারে। দেন ৯ রান। ওয়ার্নার তাকে দ্বিতীয় বার স্মরণ করেন ১৫তম ওভারে। এবার দেন ১৩ রান। তৃতীয়বার তাকে আক্রমণে আনা হয় ১৭তম ওভারে। এই ওভারটি ভাল করেন। দেন মাত্র ৪ রান। ১৯তম ওভারে শেষ বারের মতো আক্রমণে আসেন। চতুর্থ বলে হার্দিক পান্ডেকে দারুণ এক ইয়র্কারে ভড়কে দেন। এই ওভারে দেন ৬ রান।
হায়দ্রাবাদের এটি তৃতীয় ম্যাচ। আগের দুটিতে হেরেছে তারা। দুই ম্যাচেই বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। ওই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে আউট করেছিলেন তিনি। আর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। মুস্তাফিজের ইয়র্কারে উইকেটের ওপর মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল। এই ডেলিভারিটি নিয়ে চারদিকে ইতিমধ্যে হৈচৈ শুরু হয়েছে।


